এবার হার্মারের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে হোয়াইটওয়াশড ভারত

Date:

কেশব মহারাজের বলে লং অন দিয়ে উড়াতে গেলেন মোহাম্মদ সিরাজ, মার্কো ইয়ানসেন পেছন দিকে অনেকখানি ছুটে বাউন্ডারির লাইনে ছোঁ মেরে নিলেন অবিশ্বাস্য ক্যাচ। ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত বলে উঠলেন, ‘এই ক্যাচই বলে দেয় দক্ষিণ আফ্রিকার গোটা সিরিজের উড়ন্ত ছবি।’ এই ক্যাচের বহু আগেই অবশ্য ভারতের পরিণতি নিশ্চিত হয়ে গিয়েছিলো। ম্যাচ ও সিরিজের ফল আগের দিন থেকে ছিলো অনুমিত, ঘরের মাঠে বিব্রতকর তিক্ত বাস্তবতা এড়াতে পারেনি ভারত। প্রথম ইনিংসে ইয়ানসেনের তোপে উড়ে যাওয়া রিশভ পান্তরা দ্বিতীয় ইনিংসে কুপোকাত হয়েছেন সাইমন হার্মারের অফ স্পিনে।

গুয়াহাটিতে বুধবার দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় সেশনে শেষ হয়ে গেছে ম্যাচ। দক্ষিণ আফ্রিকা জিতেছে ৪০৮ রানের বিশাল ব্যবধানে। দুই ম্যাচের সিরিজ তারা জিতেছে ২-০ ব্যবধানে। এতে করে ২৫ বছর ভারতের মাঠে টেস্ট সিরিজ জয়ের আনন্দে ভাসল তারা। এর আগে ২০০০ সালে হেনসি ক্রোনিয়ের নেতৃত্বে এমন ফল পেয়েছিল প্রোটিয়ারা।

৫৪৯ রানের অসম্ভব লক্ষ্য তাড়ায় ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেছে স্রেফ ১৪০ রানে। ৩৭ রানে ৬ উইকেট নিয়ে এই ইনিংসের সফল বোলার হার্মার। যিনি কলকাতায় প্রথম টেস্টেও ছিলেন দলের নায়ক।  বাঁহাতি স্পিনার কেশব মহারাজ পেয়েছেন ২ উইকেট। ইয়ানসেন ও সেনুরাম মুথুসামি নিয়েছেন একটি করে উইকেট। পুরো টেস্টে ফিল্ডিংয়েও অনন্য ছিলো প্রোটিয়ারা, নিয়েছে অবিশ্বাস্য সব ক্যাচ। এইডেন মার্করাম এক টেস্টে ৯ ক্যাচ নিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ডও।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় ভারত। ৪৮ রানে ৬ উইকেট নিয়ে পান্তদের ধসিয়ে দিয়েছিলেন ইয়ানসেন।

ভারতকে ফলোঅন না করিয়ে আবার ব্যাট করতে নেমে আরও ২৬০ রান যোগ করে ইনিংস ছেড়ে দেয় তারা।

নাগালের বাইরে থাকা সমীকরণে দৃঢ়তা দেখাতে পারলে হার এড়াতে পারত স্বাগতিক দল। আগের দিন বিকেলে ২ উইকেট হারানো ভারতীয়রা শেষ দিনে নেমে আর কোন নিবেদনই দেখাতে পারেনি।

হার্মারের ঘূর্নিতে একের পর এক উইকেট পতনের মিছিল চলতে থাকে দলটির। টপ ও মিডল অর্ডারদের ব্যর্থতার ভিড়ে ৮৭ বলে ৫৪ রান করে হারের ব্যবধান কেবল কমান রবীন্দ্র জাদেজা।

Popular

More like this
Related

ক্রিকেটই যখন পরিবারের ভাষা

বাবা টুকটাক ক্রিকেট খেলতেন, চার ভাই-বোনের সবাই ক্রিকেট খেলেন।...

২৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও চূড়ান্ত করে যাবে অন্তর্বর্তী সরকার: শিক্ষা উপদেষ্টা

সারাদেশে সাধারণ ও কারিগরি মিলিয়ে ২ হাজার ৬০০টির বেশি...

ইরানে এই মুহূর্তে মার্কিন হামলা কেন সহজ নয়

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা দেশটির...

গোলকধাঁধায় মিডল অর্ডার

দ্বিতীয় টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান যখন ক্রিজে আসেন তখন...