অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটা যুদ্ধ চলছে। তেলের অভাবে বিভিন্ন দেশ অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে তেমনটি হয়নি। ঈদে মানুষের বাড়িতে পৌঁছাতে পরিবহনের মাধ্যমে কোনো অসুবিধা হয়নি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, প্রত্যেকটা ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে রাস্তা উত্তপ্ত হয়। ভাঙচুর হয় ফ্যাক্টরি। এবার কিছুই হয়নি। সবাই শান্তভাবে তাদের পাওনা নিয়ে সঠিকভাবে পরিবহনের মাধ্যমে বাড়ি-ঘরে যেতে পেরেছেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলছে। এতে সারা বিশ্বে জ্বালানি সংকটের মধ্যে আছে। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সমাধান দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। আগে যে তেল সাপ্লাই হতো, এখন তার চেয়ে বেশি হচ্ছে। কিন্তু কিছু কালোবাজারি এটাকে নষ্ট করে দিচ্ছে। তারা অতিরিক্ত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করছে ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
আমীর খসরু বলেন, সঠিক ইতিহাস জাতি ও বিশ্বের সামনে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন দেখি রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায়। এমনকি হাইকোর্টের জজও যখন ইতিহাসবিদ হয়ে যায়, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। সেটা ইতিহাস হতে পারে না। সেটা হয় প্রোপাগান্ডা। সেটা ক্ষণস্থায়ী। প্রোপাগান্ডা কোনোদিনও দীর্ঘস্থায়ী হতে পারে না। যেই কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও পরবর্তী বাংলাদেশের যে ঘটনাবলি এই ইতিহাসগুলো রচিত হতে হবে ইতিহাসবিদের মাধ্যমে।