ইসির সীমানা বহাল, কুমিল্লা-২ আসনে যুক্ত হচ্ছে হোমনা ও তিতাস

Date:

কুমিল্লা-২ সংসদীয় আসনে হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত সীমানা আপাতত বহাল থাকছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট বিজ্ঞপ্তিকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ইসি এবং কুমিল্লা-২ আসনের এক স্বতন্ত্র প্রার্থীর করা পৃথক দুটি লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আপিল বিভাগের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে গত বছর ৪ সেপ্টেম্বর জারি করা নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী হোমনা ও তিতাস উপজেলা কুমিল্লা-২ আসনের অন্তর্ভুক্ত থাকছে বলে জানিয়েছেন ইসির আইনজীবী কামাল হোসেন মেহজী।

এর আগে কুমিল্লা-২ আসন গঠিত ছিল মেঘনা ও তিতাস উপজেলা নিয়ে। অন্যদিকে, হোমনা উপজেলা ছিল কুমিল্লা-১ আসনের অন্তর্ভুক্ত।

পরে নির্বাচন কমিশনের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে হোমনাকে কুমিল্লা-২ আসনে যুক্ত করা হয় এবং মেঘনাকে কুমিল্লা-১ আসনে স্থানান্তর করা হয়। ফলে কুমিল্লা-২ আসন গঠিত হয় হোমনা ও তিতাস উপজেলা নিয়ে।

এই গেজেটকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের পর গত ৮ জানুয়ারি হাইকোর্ট রায় দেন। ওই রায়ে সংসদীয় আসন পুনর্বিন্যাসসংক্রান্ত ইসির গেজেটের কিছু অংশ অবৈধ ঘোষণা করা হয়।

একই সঙ্গে আগের সীমানা অনুযায়ী কুমিল্লা-১ আসনে দাউদকান্দি ও তিতাস উপজেলা এবং কুমিল্লা-২ আসনে হোমনা ও মেঘনা উপজেলা পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশের নির্দেশও দেন আদালত।

হাইকোর্টের ওই রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে নির্বাচন কমিশন এবং কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এ এম মতিন পৃথকভাবে আপিল বিভাগের কাছে লিভ টু আপিল আবেদন করেন।

আজ আদালতে ইসির পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কামাল হোসেন মেহজী শুনানিতে অংশ নেন।

রিট আবেদনকারীদের পক্ষে ব্যারিস্টার এহসান এ সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

জামায়াত আমিরের মহিলা সমাবেশ, পথসভা, গণসংযোগ আজ

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আট জেলা সফর শেষে আজ...

চবির শাটল ট্রেনে পাথর নিক্ষেপ, শিক্ষার্থী আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।...

পোস্টাল ব্যালটে ৪ লাখ ৩৩ হাজার প্রবাসীর ভোটদান সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতোমধ্যে ৪ লাখ...

নির্বাচিত হলে গার্মেন্টস শিল্পের মতো নতুন আরও শিল্প আনবো: তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ফজরের আগেই কেন্দ্রের...