ইশানের ঝড়, হার্দিকের অলরাউন্ড নৈপুণ্যে নামিবিয়াকে গুঁড়িয়ে দিল ভারত

Date:

দুরন্ত ছন্দে থাকা ইশান কিশান আবারও জ্বলে উঠলেন। আড়াইশোর বেশি স্ট্রাইকরেটে করলেন ঝকঝকে এক ফিফটি। ঝড়ো ফিফটি উপহার দিলেন হার্দিক পান্ডিয়াও। তাদের ব্যাটে ভর করে দুইশ ছাড়ানো বিশাল পুঁজি পেল ভারত। পরে বল হাতেও হার্দিক রাখলেন কার্যকর ভূমিকা। ফলে অনায়াস জয়ে নামিবিয়াকে হারাল ভারত।

দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ভারত জিতেছে ৯৩ রানে। আগে ব্যাট করে ২০৯ রান সংগ্রহ করে স্বাগতিক দল। সেই পাহাড় ডিঙানোর লড়াইয়ে নেমে মাত্র ১১৬ রানেই শেষ হয়ে যায় নামিবিয়ার ইনিংস। ব্যাট হাতে ২৮ বলে ৫২ রান করার পাশাপাশি বল হাতে ২১ রানে ২ উইকেট নেন হার্দিক। অন্যদিকে ভারতকে বড় সংগ্রহে পৌঁছে দিতে ২৪ বলে ৬১ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন ইশান।

২১০ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভালো করলেও দ্রুতই  হোঁচট খায় নামিবিয়া। দুই ওপেনার লাউরেন স্টেনকাম্প আর ইয়ান ফ্রাইলিঙ্ক ছাড়া আর কেউ বিশের ঘর পার হননি। লেগ স্পিনার বরুন চক্রবর্তী ৭ রানে নেন ৩ উইকেট। হার্দিকের ২ উইকেটের পাশাপাশি ২ উইকেট পান আকসার প্যাটেলও। 

টস হেরে ব্যাট করতে নামা ভারতের ঝড়ো শুরু আনেন সঞ্জু স্যামসন। তবে ৮ বলে ২২ রান করে ক্যাচ উঠিয়ে বিদায় নেন তিনি। এরপর চলতে থাকে ইশান ঝড়। তিলক বর্মা, সূর্যকুমার যাদবদের রান না পাওয়ার দিনে ইশান ৫ ছক্কা, ৬ চারে করেন ৬১ রান।

মাঝের ওভারে হার্দিক নেমে তুলেন ঝড়। আগ্রাসী ফিফটি পর পরই অবশ্য আউট হয়ে যান তিনি। শেষের দুই ওভারে তাই বেশি রান হয়নি। তবে তাও পুঁজিটা ছিলো নামিবিয়ার ধরা ছোঁয়ার বাইরে। 

 

Popular

More like this
Related

দুই দিন ধরে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ, চরম দুর্ভোগে যাত্রীরা

গত দুই দিনে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ কর্মসূচির কারণে ট্রেনযাত্রীদের...

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে দিল্লির মন্তব্য প্রত্যাখ্যান ঢাকার

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ)...

হত্যা মামলার আসামিসহ ১৮ জনকে মালয়েশিয়া পাচারের চেষ্টা, আটকে দিলো বিজিবি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় নারী-পুরুষসহ ১৮ জনকে...

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ রোববার পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ...