ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের অন্তত পাঁচ দেশে হামলা চালিয়েছে প্রতিবেশী ইরান।
ইরানের এসব হামলার লক্ষ্য ছিল মূলত সেসব দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি।
আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বড় শহর দুবাইয়ে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আবুধাবিতে অন্তত একজন নিহত হয়েছেন।
এ হামলার প্রতিক্রিয়ায় আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের আক্রমণের জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ তাদের আছে।
বিবৃতিতে বলা হয়, ইরান প্রতিবেশী আমিরাতকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ‘কয়েকটি’ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
‘মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানায়। বেসামরিক স্থাপনা, ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা বিপজ্জনক ও কাপুরুষোচিত কাজ। এতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা হুমকিতে পড়েছে এবং স্থিতিশীলতা ক্ষুণ্ন হয়েছে,’ বলা হয় বিবৃতিতে।
এতে আরও বলা হয়, (ইরানের) এই হামলা আমিরাতের জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমিরাত এর প্রতিক্রিয়া জানানোর এবং ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার রাখে।
আরব আমিরাত যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে, প্রতিবেশী বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর লক্ষ্য করে হামলা করায় ইরানকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছে মানামা।
কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায়, বাহরাইন নিশ্চিত করেছে যে, দেশটির ‘সার্বভৌমত্ব ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন’ করে হামলা করা হয়েছে।
‘বিশ্বাস নষ্ট করা এমন হামলা বাহরাইন ও এর নাগরিকদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি,’ বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
জর্ডানে ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস
এদিকে, জর্ডানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সংবাদ এসেছে।
আজ শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশে ধ্বংস করা হয়েছে।
তবে কোথা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে তা প্রতিবেদনে নিশ্চিত করে বলা হয়নি।
এ ক্ষেপণাস্ত্র হামলার জবাবেও জর্ডানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।