আয়ুষ্কাল শেষ হওয়া গাড়ি না সরালে পাওয়া যাবে না নতুন নিবন্ধন

Date:

অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হওয়ার পর কোনো গাড়ি সরিয়ে না ফেললে (স্ক্র্যাপ) নতুন বা ব্যবহৃত কোনো মোটরযান নিবন্ধন দেবে না কর্তৃপক্ষ।

মোটরযান স্ক্র্যাপ ও রিসাইক্লিং নীতিমালা ২০২৬ অনুসারে, যৌক্তিক কারণ ছাড়া এক বছরের বেশি সময় ধরে ফিটনেস খেলাপি বা নবায়ন না করা মোটরযান স্ক্র্যাপ করা যাবে।

এই নির্দেশিকা লঙ্ঘন করলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ১৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে জানিয়েছে, নির্দেশিকাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ব্যবহার অযোগ্য যানবাহন যথাযথভাবে স্ক্র্যাপ করতে বাস ও মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর এবং পণ্যবাহী যান—ট্রাক ও কাভার্ড ভ্যানের ক্ষেত্রে ২৫ বছর নির্ধারণের প্রায় আট মাস পর অন্তর্বর্তী সরকার এ নির্দেশিকা চালু করেছে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) হিসাব অনুসারে, নিবন্ধিত ৮০ হাজারের বেশি যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ইতোমধ্যে শেষ হয়েছে, যার অনেকগুলো এখনো চলাচল করছে।

কয়েক লাখ যানবাহন বৈধ ফিটনেস সনদ ছাড়াই সড়কে চলছে, জানিয়েছেন কর্মকর্তারা।

এই নির্দেশিকা বাস্তবায়নে সময় লাগবে, কারণ এ জন্য একাধিক কমিটি গঠন করতে হবে উল্লেখ করে গতকাল বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নতুন সরকার গঠনের পর এসব কাজ শুরু হবে।’

পুরোনো ও অযোগ্য যানবাহন সড়ক দুর্ঘটনা ও বায়ুদূষণের বড় কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ হিসেবে তারা বলেন, জ্বালানির অসম্পূর্ণ দহনের কারণে পুরোনো গাড়ি থেকে বিষাক্ত গ্যাস বেশি পরিমাণে নির্গত হয়।

২০২৩ সালের মে মাসে তৎকালীন সরকার বাস ও মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর এবং ট্রাক ও কাভার্ড ভ্যানের ২৫ বছর নির্ধারণ করে এবং একটি খসড়া স্ক্র্যাপিং নির্দেশিকা প্রস্তুত করেছিল। তবে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের চাপে সেই উদ্যোগ আলোর মুখ দেখেনি। ফলে থেকে যায় সড়কে পুরোনো যানবাহনের দখলেই।

গত জুনে অন্তর্বর্তী সরকার আয়ুষ্কাল পুনর্বহাল করে এবং জুলাইয়ের মাঝামাঝি থেকে পুরোনো যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেয়। অভিযান বন্ধ না করলে ধর্মঘট—পরিবহন সংগঠনগুলো এমন হুমকিতে সরকার আবারও পিছু হটে।

গত ১৬ জুলাই বিআরটিএর হালনাগাদ তথ্য অনুযায়ী, ৩৯ হাজার ১৬৯টি বাস ও মিনিবাস এবং ৪১ হাজার ১৪০টি ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাংকারের অর্থনৈতিক আয়ুষ্কাল অতিক্রম করেছিল।

এতে বলা হয়েছে, নির্ধারিত অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ বা চলাচলের অযোগ্য যানবাহনের পাশাপাশি সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক অচল ঘোষিত যানবাহনও স্ক্র্যাপ করা যাবে।

অগ্নিকাণ্ড, বিস্ফোরণ, প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনের মেরামত ব্যয় যৌক্তিক পরিমাণের চেয়ে অনেক বেশি হলে এমন যানবাহনও স্ক্র্যাপ করা যাবে।

আদালত অযোগ্য ঘোষণা করলে স্বেচ্ছায় স্ক্র্যাপের জন্য জমা দিতে হবে। অনুমোদন ছাড়া তৈরি বা পরিবর্তন (মোডিফাই) করা যানবাহনের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে।

যৌক্তিক কারণ ছাড়া এক বছরের বেশি সময় বৈধ ফিটনেস সনদহীন যানবাহনও স্ক্র্যাপের আওতায় পড়বে।

যোগাযোগ করা হলে বিআরটিএ কর্মকর্তারা এক বছরের বেশি সময় ফিটনেস সনদহীন যানবাহনের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি। তবে গত ২৪ জুলাই পর্যন্ত তথ্য অনুযায়ী, অন্তত ছয় লাখ ২৬ হাজার যানবাহন ফিটনেস সনদ নবায়ন করেনি।

সূত্র জানিয়েছে, স্ক্র্যাপিংয়ের জন্য বিআরটিএ বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ করবে। বিআরটিএ পরিচালকের (প্রকৌশল) নেতৃত্বে গঠিত আট সদস্যের কমিটি স্ক্র্যাপ করা যানবাহনের মূল্য নির্ধারণ ও পুনর্ব্যবহারযোগ্য অংশ চিহ্নিত করবে। প্রতিটি স্ক্র্যাপ করা যানবাহনের জন্য একটি সনদ দেওয়া হবে।

নতুন মোটরযানের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ক্র্যাপ সনদের বিপরীতে মোটরযানের মালিক বা বৈধ উত্তরাধিকারীকে সরকার ক্ষেত্র বিশেষে আর্থিক প্রণোদনা দিতে পারবে।

অর্থনৈতিক আয়ুষ্কাল অতিক্রান্ত মোটরযান স্ক্র্যাপ ব্যতীত একই ব্যক্তি নতুন বা পুরাতন কোনো মোটরযানের রেজিস্ট্রেশন গ্রহণ করতে পারবেন না। তবে স্ক্র্যাপযোগ্য মোটরযান মালিকের আবেদনটি কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হলে কর্তৃপক্ষ প্রয়োজনে নতুন বা পুরাতন মোটরযান রেজিস্ট্রেশন করতে পারবে।

নির্দেশিকা লঙ্ঘন করলে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১০৪ ধারায় সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

Popular

More like this
Related

প্রধানমন্ত্রী হিসেবে কী ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন তারেক রহমান

সংবিধান অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে থাকেন প্রধানমন্ত্রী। সংসদীয়...

মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক কাল বিকেল ৩টায়

সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আগামীকাল বুধবার বিকেল ৩টায়...

রিয়ালের বিপক্ষে লড়াইয়ের আগে ফেরার খবরকে ‘গল্প’ বললেন মরিনহো

তারকা কোচ জোসে মরিনহো জোর দিয়ে জানালেন, রিয়াল মাদ্রিদের...

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনা শুরু

তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ওমানের মধ্যস্ততায় সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র...