আবুধাবির মুসাফফা শিল্প এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে হামলার খবর ছড়িয়ে পড়ার পর সেখানে থাকা বাংলাদেশি প্রবাসীরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
আজ শনিবার দ্য ডেইলি স্টারকে কয়েকজন প্রবাসী জানান, স্থানীয় সময় দুপুর ১টায় তারা কয়েকটি বিস্ফোরণের মতো বিকট শব্দ শুনতে পান। এগুলো সম্ভবত প্রতিরোধমূলক প্রতিহত করার কার্যক্রমের অংশ ছিল।
স্থানীয় কর্তৃপক্ষের সংবাদমাধ্যমে কথা না বলার কঠোর নির্দেশনার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক
এক প্রবাসী বলেন, আমি কথা বলার সময় দুই, তিন, এমনকি চারবার প্রতিহত করার শব্দ শুনেছি।
তিনি বলেন, শুরুর দিকে অনেকেই আকাশে ধোঁয়া দেখে বাইরে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা আসা শুরু হলে সবাই দ্রুত ভেতরে চলে যান।
তিনি আরও বলেন, কর্তৃপক্ষ বারবার জরুরি সতর্কবার্তা পাঠিয়ে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে, জানালার কাছে না দাঁড়াতে ও বাইরে না যেতে পরামর্শ দেয়। তাদের নিজ নিজ আবাসনের সবচেয়ে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
আবুধাবিতে বসবাসরত আরেক বাংলাদেশি জানান, প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানে সবাই আতঙ্কিত। কেউ বিস্তারিত কিছু বলতে পারছে না। তবে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
প্রবাসীরা জানিয়েছেন, মুসাফফা এলাকায় প্রধানত এশীয় শ্রমিকরা বসবাস করেন। এদের মধ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছেন।
বাংলাদেশি এক প্রবাসী বলেন, আমার আশপাশের এলাকায় বসবাসকারীদের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই বাংলাদেশি। বাকিরা মূলত পাকিস্তান, মিসর ও ভারতের কেরালা রাজ্য থেকে আসা।
শিল্পাঞ্চলে অধিকাংশ বাসিন্দাই শ্রমিক। তাদের পরিবারগুলো বসবাস করেন কাছাকাছি আবাসিক এলাকায়।
তিনি বলেন, আমাদের এলাকায় পরিবার খুব কম। তবে মুসাফফার বাইরে আবাসিক এলাকা আছে, যেখানে পরিবারগুলো থাকে।
তিনি আরও বলেন, বিকট শব্দে প্রবাসী পরিবারগুলোর শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।
মুসাফফা আবুধাবির আল ধাফরা বিমানঘাঁটি থেকে প্রায় ১৫ থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে যুক্তরাষ্ট্রের বাহিনী মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত বাসিন্দাদের ঘরের ভেতরে ও নিরাপদ স্থানে থাকার নির্দেশনা ছাড়া অতিরিক্ত কোনো নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় কোনো বাংলাদেশির হতাহতের তথ্য পাওয়া যায়নি।