৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার

Date:

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে সরকারের প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচে আবেদন করেছেন দেশের প্রায় ৫৭ হাজার তরুণ-তরুণী। তাঁদের মধ্য থেকে ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য শনিবার (২৮ নভেম্বর) দেশের ৬৪ জেলায় একযোগে লিখিত বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩৬ জন প্রার্থী থাকলেও ঢাকায় এ সংখ্যা ৩৪০ জন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটির প্রশিক্ষণ সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।

প্রকল্পের তৃতীয় ব্যাচে দেশের ৬৪ জেলা থেকে প্রতি জেলায় ২৫ জন করে মোট ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থী নির্বাচিত হবেন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকায়। এখানে মাত্র ২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৮ হাজার ৫০০ জন।

সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার আগ্রহ থেকেই বিপুলসংখ্যক তরুণ-তরুণী এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদন করেছেন। দেশব্যাপী আবেদনের এই সংখ্যা নতুন প্রজন্মের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি শেখার ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন।

পরীক্ষা চলাকালে রাজধানীর কল্যাণপুরে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, আসনবিন্যাস ও পরীক্ষা পরিচালনার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার (২৯ নভেম্বর)। একই দিন চূড়ান্ত ফলাফল ও নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশের কথা রয়েছে। পরীক্ষার স্থান ও সময় সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬০০ প্রশিক্ষণার্থীকে নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

দুই বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের মোট ১১ হাজার ২০০ তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৯ হাজার ৬০০ জন বেসিক এবং ১ হাজার ৬০০ জন অ্যাডভান্সড পর্যায়ের প্রশিক্ষণ পাবেন। দুই মাস মেয়াদি প্রতিটি প্রশিক্ষণ কোর্সে ৫০টি ক্লাসের মাধ্যমে মোট ৩০০ ঘণ্টার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রশিক্ষণের পাঠ্যক্রমে চ্যাটজিপিটি, মাইক্রোসফট কোপাইলট, ডিপসিক, জেমিনি, মিডজার্নি, রানওয়ে, সিন্থেশিয়া, ট্যাবলো, ক্লিকআপ ও অ্যাডোবি সেনসেইসহ বিভিন্ন আধুনিক এআই টুল ও প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা এআইভিত্তিক কনটেন্ট তৈরি, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল উৎপাদনশীলতা, অটোমেশন এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

Popular

More like this
Related

গ্রামের দরিদ্রদের আয় চলে যাচ্ছে ঋণের কিস্তি পরিশোধে: গবেষণা

গ্রামীণ পরিবারগুলোর ওপর ঋণের বোঝা ক্রমেই বাড়ছে, বিশেষ করে...

রাজ্জাক অভিনীত সিনেমার কালজয়ী ১০ প্রেমের গান

বাংলা চলচ্চিত্রের প্রেমের গানে নায়করাজ রাজ্জাক এক অবিচ্ছেদ্য নাম।...

মেসির সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন মিশরের কোচ

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে দুই গোলে এগিয়েও নাটকীয়ভাবে...

বিচ্ছিন্ন সহিংসতার মধ্যেও দ্বিতীয় দফায় ভোট পড়ল ৯১ শতাংশের বেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিচ্ছিন্ন সহিংসতার মধ্যেও সন্ধ্যা...