ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী সাবিলা নূর।
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত তানিম নূর পরিচালিত এই সিনেমায় ‘চিত্রা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এ বিষয়ে সাবিলা নূর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অনেক প্রশংসা পাচ্ছি। এই অভিজ্ঞতা আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। চরিত্রটির গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে সাহায্য করেছে। দর্শকরাও ভীষণ খুশী। নির্মাতা তানিম নূর, সহশিল্পী মোশাররফ করিম ভাইয়া, শরিফুল রাজ থেকে শুরু থেকে টিমের সবার আন্তরিক সহযোগিতায় নিজের সেরাটা দিয়ে কাজ করতে পেরেছি।’
‘চিত্রা চরিত্রটি আমার কাছে সবসময় বিশেষ হয়ে থাকবে। দর্শক যেভাবে আমাকে গ্রহণ করেছেন, তা সত্যিই অভিভূত করার মতো। এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। আগামীর কাজ নিয়ে আরও সচেতন হয়েছি। ঈদের সিনেমা হিসেবে বনলতা এক্সপ্রেস ইতোমধ্যে দর্শকদের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। সর্বাধিক শো নিয়ে হাউজফুল হচ্ছে। সেই সঙ্গে ৩ এপ্রিল থেকে কানাডা, আমেরিকা ও ইংল্যান্ডে রিলিজ হচ্ছে।’
সাবিলা নূর তার কাছের মানুষদের নিয়ে সিনেমাটির একটি বিশেষ শো উপভোগ করেন। সেসময় তার অনুসারী সাবিলিয়ান থেকে মা, শাশুড়ি ও স্বামী সঙ্গে ছিলেন।
এই সিনেমা নিয়ে তার স্বামীর প্রতিক্রিয়া জানতে চাইলে সাবিলা নূর বলেন, ‘নেহাল আমার স্বামী এবং বেস্ট ফ্রেন্ড। আমার কাজ দেখে সে ক্রিটিসাইজ করতে পছন্দ করে। সেটা আমিও এনজয় করি। আমার মনে হচ্ছে বনলতা এক্সপ্রেস দেখে সে এবার অন্তত পুরো সিনেমাটি এনজয় করেছে। সেই সঙ্গে আমার একেবারে কাছের মানুষেরাও পছন্দ করেছেন।’