সূর্যবংশীকে এখনই ভারতের টি-টোয়েন্টি দলে চান সাবেকরা

Date:

বয়স সবেমাত্র ১৫ পেরিয়েছে। কিন্তু ২২ গজে তাঁর ব্যাটের তেজ হার মানাচ্ছে অভিজ্ঞদেরও! আইপিএলের মঞ্চে একের পর এক অবিশ্বাস্য ইনিংস খেলে ক্রিকেট বিশ্বকে রীতিমতো বিস্মিত করেছেন তরুণ তুর্কি বৈভব সূর্যবংশী। তার এমন অতিমানবীয় পারফরম্যান্স দেখে মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ এবং পীযূষ চাওলা। এই বিস্ময় বালককে দ্রুত ভারতের টি-টোয়েন্টি দলে দেখতে চান তারা।

গত শুক্রবারই ১৫ বছরে পা দিয়েছেন বৈভব। আর সোমবারই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাত্র ১৫ বলে বিধ্বংসী এক হাফ সেঞ্চুরি করে রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটের দাপুটে জয় এনে দিয়েছেন তিনি।

গত বছর আইপিএলে অভিষেক মৌসুমেই চমক দেখিয়েছিলেন এই তরুণ। নিজের খেলা প্রথম বলেই হাঁকিয়েছিলেন ছক্কা, অন্য একটি ম্যাচে করেছিলেন মাত্র ৩৫ বলে সেঞ্চুরি! শুধু ফ্র্যাঞ্চাইজি লিগেই নয়, এই বছরের শুরুতে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়েও বড় ভূমিকা ছিল তার, জিতেছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের খেতাব।

বৈভবের এমন ধারাবাহিকতা ও পরিণত ব্যাটিং দেখে নিজের অবস্থান পাল্টেছেন মোহাম্মদ কাইফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘গত মৌসুমে আমার মনে হয়েছিল বৈভবকে নিয়ে একটু বেশি আগেই মাতামাতি হচ্ছে। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি মনে করি, তরুণদের দ্রুত জাতীয় দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিত নয়। কিন্তু এক বছর পর আমার মনে হচ্ছে, সে পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখন পুরোপুরি প্রস্তুত। ১৫ বছরের এই ছেলেটি যেমন দর্শকদের আনন্দ দিতে পারে, তেমনি ম্যাচ জেতানো ইনিংসও খেলতে পারে।’

একই সুর শোনা গেছে সাবেক লেগ-স্পিনার পীযূষ চাওলার কণ্ঠেও। ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেন, ‘সে যদি এভাবেই খেলতে থাকে, তবে তাকে দ্রুত জাতীয় দলে দেখতে আমার দারুণ লাগবে। গত এক বছর ধরে অনূর্ধ্ব-১৯ কিংবা ঘরোয়া ক্রিকেট, যেখানেই সে খেলেছে, সেঞ্চুরি পেয়েছে। এবং সেগুলো শুধু সেঞ্চুরি নয়, রীতিমতো বড় বড় সেঞ্চুরি করেছে সে।’

বৈভবের প্রতিভায় মুগ্ধ ভারতের আরেক প্রাক্তন তারকা আম্বাতি রাইডুও। ক্রিকইনফোকে তিনি বলেন, ‘দেশের বাকি তরুণদের চেয়ে সে অনেকটাই আলাদা। সে এমন একজন প্রতিভা, যে নিশ্চিতভাবেই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ কিছু করবে। আমি জানি না ঠিক কবে, তবে ভবিষ্যতে সে করবেই।’

তবে রাইডু বাস্তবতার কথাও মনে করিয়ে দিয়েছেন। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ভারতীয় দলে এই তরুণ ওপেনারের জায়গা পাওয়াটা আপাতত কঠিন বলেই মনে করেন তিনি, ‘ভুলবেন না, আমাদের দল এখন বিশ্বচ্যাম্পিয়ন। সদ্যই তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। তাই এই বিশ্বজয়ী দলে হঠাৎ করে কারও জায়গা নেওয়াটা মোটেও সহজ নয়। আমার মতে, এই মুহূর্তে তার সামনে আরও কয়েকজন খেলোয়াড় রয়েছে, কারণ পরবর্তী আইসিসি টুর্নামেন্টগুলোর কথা মাথায় রেখে দল নির্বাচন করা হয়।’

Popular

More like this
Related

মার্কিন সামরিক বিমানকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে সিসিলির একটি বিমানঘাঁটিতে মার্কিন সামরিক বিমান...

ফুয়েল কার্ড পেতে আবেদনের সময় ৪ এপ্রিল পর্যন্ত বাড়াল জেলা প্রশাসন

সিরাজগঞ্জে অতিরিক্ত ভিড়ের কারণে ফুয়েল কার্ড সংগ্রহের আবেদনের সময়সীমা...

নাটকে অভিনয় করে জাতীয় ফুপু হয়ে গেছি: দীপা খন্দকার

দর্শকপ্রিয় অভিনয়শিল্পী দীপা খন্দকার অভিনয় নিয়ে বেশ সরব আছেন।...

এবার কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৫২ থিয়েটারে ‘বনলতা এক্সপ্রেস’

কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে তৈরি ঈদের...