অসংখ্য ক্যামেরার ঠান্ডা ও নিরপেক্ষ চোখে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) ও গোললাইন প্রযুক্তিতে আজকের ফুটবল অনেকটাই নির্ভুল। সত্য এখন আর কেবল অনুমানের ওপর নির্ভর করে না। একটি বল লাইন পেরিয়েছে কি না, তা নির্ধারণ করতে আজ আর হৃদস্পন্দনের তালে কাঁপতে হয় না, প্রযুক্তি নির্মম নিশ্চয়তায় রায় দিয়ে দেয়। তবুও, এই নিখুঁত যুগের ভেতরেই লুকিয়ে আছে এক সময়ের অসম্পূর্ণতার সৌন্দর্য। একটি যুগ, যখন মানুষের চোখই ছিল শেষ বিচারক, আর সেই চোখের এক মুহূর্তের বিভ্রমই জন্ম দিয়েছিল ফুটবল ইতিহাসের সবচেয়ে রহস্যময় উপাখ্যানের একটি।
৩০ জুলাই, ১৯৬৬।
লন্ডনের আকাশ তখন হালকা মেঘ আর বিকেলের নরম রোদে মাখামাখি। ওয়েম্বলি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিয়ানব্বই হাজার দর্শকের হৃদস্পন্দন যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে একই তালে বাজছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত তখনো ইউরোপের বুকে পুরোপুরি শুকায়নি, আর সেই প্রেক্ষাপটেই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড এবং পশ্চিম জার্মানি।
নির্ধারিত নব্বই মিনিটের মহারণ শেষ হয়েছে ২-২ গোলের শ্বাসরুদ্ধকর সমতায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
টানা খেলার ধকল, ক্লান্ত পেশি, কপালে জমে ওঠা ঘাম আর বুকের ভেতর হাতুড়ি পেটার মতো ধুকপুকানি, সব মিলিয়ে ওয়েম্বলির সবুজ গালিচা তখন কেবল একটি ফুটবল মাঠ নয়, বরং এক মহাকাব্যিক স্নায়ুযুদ্ধের রণক্ষেত্রে পরিণত হয়েছে। আর ঠিক সেই চরম মুহূর্তেই, যখন প্রতিটি সেকেন্ড যেন শতাব্দীর মতো দীর্ঘ মনে হচ্ছিল, তখনই রচিত হতে যাচ্ছিল ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় ধাঁধা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ‘দ্য ফ্যান্টম গোল’ বা ‘ভৌতিক গোল’ নামে পরিচিত।
ম্যাচের বয়স তখন ১০১ মিনিট।
খেলোয়াড়দের শরীরে শক্তির শেষ বিন্দুটি নিঃশেষিত হতে চলেছে। ঠিক সেই সময়েই ডান প্রান্ত দিয়ে এক দুর্দান্ত ক্ষিপ্রতায় ছুটে এলেন অ্যালান বল। তার পা থেকে একটি নিখুঁত, ভাসানো ক্রস উড়ে এলো জার্মান পেনাল্টি বক্সের একেবারে সেন্টারে। বলটির গতিপথ অনুসরণ করে সেখানে আগে থেকেই ওঁত পেতে ছিলেন ইংলিশ স্ট্রাইকার জিওফ হার্স্ট।
বলটি নিজের আয়ত্তে নিয়ে, এক মুহূর্তের ভগ্নাংশে পুরো শরীরটাকে একটি নিখুঁত বৃত্তচাপে ঘুরিয়ে নিলেন এই ইংলিশ। এরপর ডান পায়ে যে শটটি তিনি নিলেন, চামড়ার গোলকটি যেন হার্স্টের বুটের জাদুকরী স্পর্শে এক জ্বলন্ত উল্কাপিণ্ডে পরিণত হলো। জার্মান গোলরক্ষক হ্যান্স তিলকোস্কি, যিনি টুর্নামেন্ট জুড়ে ছিলেন এক দুর্ভেদ্য প্রাচীর, তিনি কেবল অসহায়ের মতো বাতাসে শরীর ভাসালেন। কিন্তু বলের গতির কাছে তার সেই ডাইভ ছিল নিতান্তই এক ব্যর্থ চেষ্টা।
প্রচণ্ড এক অশনিনাদের মতো বলটি সজোরে আঘাত হানলো গোলপোস্টের ঠিক ওপরের ক্রসবারে। ক্রসবারের সেই কম্পন যেন সরাসরি গিয়ে আঘাত করলো গ্যালারির প্রতিটি দর্শকের স্নায়ুতে। এরপরই শুরু হলো সেই ঐতিহাসিক দৃষ্টিভ্রমের খেলা।
ক্রসবারে লেগে বলটি সোজা নিচে নেমে এলো, প্রচণ্ড বেগে আছড়ে পড়লো সাদা চুন দিয়ে আঁকা গোললাইনের ঠিক ওপর এবং পরক্ষণেই মাটি থেকে লাফিয়ে উঠলো শূন্যে। সেই স্পিন করতে থাকা বলটি যেন সময়ের কাঁটাকে স্তব্ধ করে দিয়েছিল।
জার্মান ডিফেন্ডার উলফগ্যাং ওয়েবার বিন্দুমাত্র কালক্ষেপণ না করে, নিজের জীবনের বিনিময়ে হলেও যেন বলটিকে বিপদমুক্ত করার এক মরিয়া চেষ্টায় হেড করে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। পুরো ঘটনাটি ঘটতে সময় লাগলো চোখের পলকের চেয়েও কম, কিন্তু সেই কয়েক মাইক্রোসেকেন্ডের দৃশ্যই চিরকালের জন্য জমাট বেঁধে গেল ইতিহাসের পাতায়।
ওয়েম্বলির সেই মুহূর্তটি যেন জাদুমন্ত্রে আচ্ছন্ন হয়ে গেল। বলটি কি গোললাইন পুরোপুরি অতিক্রম করেছিল?
ইংল্যান্ডের ফরোয়ার্ড রজার হান্ট, যিনি বলটির সবচেয়ে কাছাকাছি ছিলেন এবং চাইলেই হয়তো লাফিয়ে ওঠা বলটিকে জালে জড়িয়ে দিতে পারতেন, তিনি তা না করে দু’হাত উঁচিয়ে বিশ্বজয়ের উল্লাসে দৌড়াতে শুরু করলেন। তার সেই স্বতঃস্ফূর্ত শরীরী ভাষা যেন বলছিল, ‘এটি নিশ্চিত গোল, আর কোনো স্পর্শের প্রয়োজন নেই!’
অন্যদিকে, জার্মান খেলোয়াড়দের চোখেমুখে তখন চরম অবিশ্বাস আর আতঙ্ক। তারা চারপাশ থেকে ছুটে গিয়ে ঘিরে ধরলেন সুইস রেফারি গটফ্রিড ডিনস্টকে। তাদের দাবি স্পষ্ট, বলটি কোনোভাবেই লাইনের ভেতরে পড়েনি।
রেফারি ডিনস্ট পড়লেন তার জীবনের সবচেয়ে বড় সংকটে। আধুনিক ফুটবলের মতো গোললাইন টেকনোলজির কোনো অস্তিত্ব ছিল না। মানুষের সীমিত দৃষ্টিশক্তি আর তাৎক্ষণিক অনুমানের ওপর নির্ভর করে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে, যা হয় একটি জাতিকে বিশ্বজয়ের মুকুট পরাবে, নয়তো আরেকটির হৃদয় ভেঙে চুরমার করে দেবে।
তীব্র মানসিক চাপ আর সিদ্ধান্তহীনতায় ভুগে ডিনস্ট খেলা থামিয়ে দিলেন। ধীর পায়ে তিনি ছুটে চললেন মাঠের ডান প্রান্তে দাঁড়িয়ে থাকা লাইন্সম্যান তফিজ বাখরামভের দিকে। বাখরামভ ছিলেন সোভিয়েত ইউনিয়নের (মূলত আজারবাইজানের) অধিবাসী। দুই বিচারকের মধ্যে ছিল এক বিশাল ভাষাগত দেয়াল। ডিনস্ট বলতেন জার্মান আর ফরাসি, অন্যদিকে বাখরামভ কেবল রাশিয়ান ও আজারবাইজানি ভাষাই জানতেন। ফলে তাদের মধ্যে কোনো আক্ষরিক কথোপকথন হওয়া সম্ভব ছিল না। কিন্তু চোখের ভাষা আর ইশারায় যা হলো, তা ফুটবলের রূপকথায় পরিণত হলো।
বাখরামভ তার হাতের পতাকাটি সোজা সেন্টারের দিকে নির্দেশ করলেন। যার অর্থ, গোল! ডিনস্ট বাঁশিতে ফুঁ দিয়ে গোলের চূড়ান্ত রায় ঘোষণা করলেন।
মুহূর্তের মধ্যে ওয়েম্বলি স্টেডিয়াম যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো। উল্লাসের গর্জনে কেঁপে উঠলো লন্ডনের আকাশ। অন্যদিকে, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে জার্মান খেলোয়াড়দের হতাশা মাখা মুখগুলো যেন পরিণত হলো ট্র্যাজেডির এক জীবন্ত ক্যানভাসে।
এই গোলের সুবাদেই ইংল্যান্ড ৩-২ ব্যবধানে এগিয়ে যায় এবং পরবর্তীতে জিওফ হার্স্ট তার অবিস্মরণীয় হ্যাটট্রিক পূর্ণ করলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ববি মুরের দল। ইংল্যান্ড জেতে তাদের ইতিহাসের প্রথম এবং একমাত্র বিশ্বকাপ। কিন্তু সেই তৃতীয় গোলটি রয়ে যায় এক অনন্তকালীন বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
পরবর্তী অর্ধশতাব্দী ধরে এই একটিমাত্র শট নিয়ে যত গবেষণা, যত ডকুমেন্টারি আর যত বৈজ্ঞানিক বিশ্লেষণ হয়েছে, তা সম্ভবত অন্য কোনো ক্রীড়া মুহূর্ত নিয়ে হয়নি। নব্বইয়ের দশকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক অত্যাধুনিক কম্পিউটার ভিশন প্রযুক্তির সাহায্যে সেই পুরোনো সাদা-কালো ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসেন যে, বলটি আসলে গোললাইন পুরোপুরি অতিক্রম করেনি; সম্পূর্ণ গোল হওয়ার জন্য বলটিকে আরও অন্তত ৬ সেন্টিমিটার ভেতরে প্রবেশ করতে হতো।
কিন্তু প্রশ্ন হলো, যদি বল ভেতরে নাই ঢুকে থাকে, তবে সেদিন সুইস রেফারি গটফ্রিড ডিনস্ট এবং সোভিয়েত লাইন্সম্যান তফিজ বাখরামভ কেন এত বড় একটি সিদ্ধান্ত নিলেন?
এখানেই বিজ্ঞান আর প্রযুক্তির সীমানা পেরিয়ে গল্পটি প্রবেশ করে মানবীয় মনস্তত্ত্ব এবং এক গভীর ঐতিহাসিক চক্রান্তের ধূম্রজালে। কারণ ওই সময়টা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর ধ্বংসস্তূপ থেকে ইউরোপ তখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। যুদ্ধের বারুদ আর রক্তের গন্ধ তখনও যেন মানুষের অবচেতন মনে ঘুরে বেড়াচ্ছিল। আর সেই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর পটভূমিতে ফাইনালে মুখোমুখি হয়েছিল পশ্চিম জার্মানি, যারা কিনা ছিল সেই যুদ্ধের অন্যতম খলনায়ক।
অন্যদিকে লাইন্সম্যান বাখরামভ সোভিয়েত ইউনিয়নের নাগরিক হওয়াতেও অনেক গল্প প্রচলিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির হাতে সোভিয়েত ইউনিয়নের লাখো মানুষের প্রাণহানি এবং অবর্ণনীয় ধ্বংসযজ্ঞের স্মৃতি তখনও বাখরামভের মতো সোভিয়েত নাগরিকদের মনে দগদগে ক্ষতের মতো জ্বলছে।
অনেকেই বিশ্বাস করেন, ওয়েম্বলির সেই সবুজ গালিচায় সেদিন কেবল একটি ফুটবল ম্যাচ চলছিল না, বরং অবচেতনভাবেই চলছিল এক নীরব ঐতিহাসিক প্রতিশোধের খেলা। ডিনস্ট যখন চরম দ্বিধা নিয়ে বাখরামভের দিকে ছুটে গিয়েছিলেন, তখন ভাষার দূরত্বের কারণে তাদের মধ্যে কোনো কথা হয়নি। কিন্তু বাখরামভ বিন্দুমাত্র দ্বিধা না করে অত্যন্ত দৃঢ়তার সাথে তার পতাকাটি সেন্টারের দিকে নির্দেশ করে গোলের সংকেত দেন।
বলা হয়ে থাকে, জীবনের শেষ দিনগুলোতে যখন বাখরামভকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘আপনি তো জানতেন বলটি ভেতরে ঢোকেনি, তবুও কেন গোলের বাঁশি বাজানোর নির্দেশ দিয়েছিলেন?’
মৃত্যুশয্যায় থাকা সেই সোভিয়েত লাইন্সম্যান নাকি শুধু একটিমাত্র শব্দ উচ্চারণ করেছিলেন, “স্তালিনগ্রাদ!”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী এবং ভয়াবহ যুদ্ধক্ষেত্র ছিল এই স্তালিনগ্রাদ, যেখানে জার্মান বাহিনীর হাতে অগণিত সোভিয়েত সেনা ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিল।
যদিও এই গল্পের কোনো প্রাতিষ্ঠানিক প্রমাণ নেই, তবুও এটি এক অদ্ভুত সাহিত্যিক বিষাদে ভরিয়ে দেয় ফ্যান্টম গোলের ইতিহাসকে।
তবে পক্ষপাত হোক কিংবা বিজ্ঞান, ইতিহাসের লেখা ফলাফলকে এক চুলও বদলাতে পারেনি। ‘দ্য ফ্যান্টম গোল’ তাই মানুষের চোখের বিভ্রম, প্রযুক্তির অভাবের যুগে রেফারির নিঃসঙ্গতা এবং ফুটবলের আদিম রোমান্টিকতার এক অপূর্ব কাব্য।