ইতালিকে খোঁচা জেকোর, ‘ভয় পেলে কিছু একটা ঠিক নেই’

Date:

বিশ্বকাপের টিকিটের লড়াইয়ের আগে মাঠের বাইরের এক ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্কে পানি ঢাললেন বসনিয়ার অভিজ্ঞ তারকা এডেন জেকো। তবে একই সঙ্গে ইতালির মানসিকতা নিয়েও তুললেন প্রশ্ন, কার্ডিফে খেলতে ভয় পেলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সেটি স্বাভাবিক নয় বলেই মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার সেমিফাইনালে নিজ নিজ ম্যাচ জিতে প্লে-অফ ফাইনালে উঠেছে ইতালি ও বসনিয়া। মঙ্গলবার জেনিচার বিলিনো পোলিয়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল, যেখানে জয়ী দল পাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।

ম্যাচের আগে ইতালির ফেদেরিকো ডিমার্কো, গুগলেইলমো ভিকারিও সহ কয়েকজন খেলোয়াড়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাদের বসনিয়ার পেনাল্টি শুটআউটে ওয়েলসকে হারানোর উদযাপন করতে দেখা যায়। ভিডিওটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, অনেকে এটিকে অহংকার বা প্রতিপক্ষকে অসম্মান করার ইঙ্গিত হিসেবে দেখেন।

তবে বিষয়টি নিয়ে কোনো সমস্যা দেখছেন না জেকো। সারায়েভোয় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সবাই নিজের পছন্দ-অপছন্দ অনুযায়ী প্রতিপক্ষ চায়। আজকের সোশ্যাল মিডিয়ার যুগে একটু সতর্ক থাকা দরকার, কারণ যেকোনো কিছু অন্যভাবে ব্যাখ্যা হতে পারে। তবে আমার কাছে এটি খুবই স্বাভাবিক।’

একই প্রসঙ্গে ইতালিকে খানিকটা খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমরা দেখেছি কী হয়েছে। ইতালি ওয়েলসের বিপক্ষে খেলতে চায়নি কেন, আমি জানি না। আমরা সেখানে গিয়ে কোনো ভয় ছাড়াই জিতেছি। ইতালির মতো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দল যদি ওয়েলস বা বসনিয়ার বিপক্ষে খেলতে ভয় পায়, তাহলে কিছু একটা ঠিক নেই।’

তিনি আরও যোগ করেন, ‘তারা টানা দুই বিশ্বকাপে খেলতে পারেনি, এটা অনেক কিছু বোঝায়। হয়তো তারা চাপ অনুভব করছে। তবে ডিমার্কো আমাকে মেসেজ দিয়ে বলেছে, কাউকে অসম্মান করার উদ্দেশ্য ছিল না। আমার কাছে এতে কোনো সমস্যা নেই।’

নিজেদের প্রস্তুতি নিয়ে জেকো বলেন, ‘আমরা জিততে চাই, তবে তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। ইতালিও ভালোভাবে প্রস্তুত থাকবে, কারণ ম্যাচটি তাদের জন্যও সমান গুরুত্বপূর্ণ। আমরা ঘরের মাঠে খেলছি, দর্শকরাও বড় ভূমিকা রাখবে।’

ইতালির কোচ গেন্নেরো গাত্তুসোর সঙ্গে আগের কথোপকথনের প্রসঙ্গ টেনে জেকো বলেন, ‘আমি তাকে বলেছিলাম, বসনিয়ায় দেখা হবে, আর সেটাই হচ্ছে। ম্যাচের আগে ও পরে সম্মান থাকবে, তবে ৯০ মিনিট হবে লড়াই।’

ক্লাব ক্যারিয়ারের অভিজ্ঞতা প্রসঙ্গে জেকো বলেন, ইতালিয়ান ও জার্মান ফুটবলের মধ্যে বড় পার্থক্য রয়েছে। ‘জার্মান ফুটবলে গতি ও তীব্রতা বেশি, যা ইতালিতে কিছুটা কম। এজন্যই হয়তো তারা ভুগছে,’ মন্তব্য তার।

উল্লেখ্য, জেনিচার ঠান্ডা আবহাওয়া ও সীমিত ধারণক্ষমতার স্টেডিয়ামে কঠিন পরিবেশের মুখোমুখি হতে হবে ইতালিকে। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে মরিয়া দলটি টানা দুই আসর মিস করার পর এবার আর কোনো ভুল করতে চায় না।

Popular

More like this
Related

তুরস্কের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ন্যাটো

তুরস্কের দিকে ধেয়ে আসা একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত...

সিএমপির সাবেক কমিশনার আব্দুল জলিল গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে...

শ্রীমঙ্গলে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি-অটোরিকশার চালকসহ নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন...

তলানিতে থেকেও বিশ্বকাপের দুয়ারে সুইডেন

ব্যর্থতায় ভরা বাছাইপর্ব. চার হার, গ্রুপে তলানিতে শেষ; তবুও...