পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং করার অভিযোগ উঠেছে লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। চূড়ান্ত শুনানীর পর ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার এক বা দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন।
গত রবিবার হাইভোল্টেজ ম্যাচে করাচির জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৪ রান। সেই সময় লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং পেসার হারিস রউফের সঙ্গে আলোচনায় যোগ দেন ফখর। মাঠের দৃশ্যে দেখা যায়, ফখর ও রউফ নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আম্পায়ার হারিস রউফের কাছ থেকে বলটি নিয়ে পরীক্ষা করেন।
স্কয়ার লেগ আম্পায়ারের সঙ্গে আলোচনার পর ম্যাচ অফিশিয়ালরা নিশ্চিত হন যে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে করাচি কিংসকে ৫ পেনাল্টি রান দেওয়া হয় এবং বল বদলে ফেলার নির্দেশ দেন আম্পায়াররা। এই ৫ রান লাহোরের জন্য কাল হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় তুলে নেয় করাচি।
ম্যাচ রেফারি রোশান মহানামার অধীনে অনুষ্ঠিত প্রাথমিক শুনানিতে ফখর তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছেন। পিসিবি জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে, যেখানে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রায় দেবেন ম্যাচ রেফারি।
অধিনায়ক শাহিন আফ্রিদি এই ঘটনা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে বিস্তারিত জানি না। আমরা ভিডিও ফুটেজ দেখে তারপর এ নিয়ে আলোচনা করব।’
ক্রিকেট বিশ্বে বল টেম্পারিং অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এর আগে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং করে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এখন দেখার বিষয়, পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার ফখর জামানের ভাগ্যে কী ঘটে।