যুক্তরাষ্ট্রের একটি কারাগার থেকে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
পোস্টে তিনি সমর্থকদের ধন্যবাদ জানান এবং নিজেকে ‘অটল’ ও ‘শান্ত’ বলে উল্লেখ করেন বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
শনিবার মাদুরোর এক্স অ্যাকাউন্টে শেয়ার করা বার্তায় বলা হয়, ‘আমরা ভালো আছি, অটল, শান্ত এবং নিয়মিত প্রার্থনায় আছি।’
তবে পোস্টটি কে করেছেন, তা স্পষ্ট নয় বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, ‘আপনাদের বার্তা, চিঠি ও প্রার্থনা আমাদের শক্তি জোগাচ্ছে। ভালোবাসার প্রতিটি প্রকাশ আমাদের আত্মাকে পূর্ণ করে।’
মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে প্রায় তিন মাস ধরে নিউইয়র্কের ব্রুকলিনে একটি ফেডারেল কারাগারে রাখা হয়েছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসে তাদের বাসভবন থেকে অপহরণ করে নিয়ে যায়।
তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, মাদুরো কারাগারে বাইবেল পড়েন এবং কিছু সহবন্দি তাকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করেন।
সূত্রটির ভাষ্য, তিনি পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সীমিত সময়ের জন্য ফোনে কথা বলতে পারেন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা তার বাবার ভালো থাকার খবর নিশ্চিত করেছেন। মাদুরো কারাগারে নিয়মিত ব্যায়াম করছেন বলেও জানিয়েছেন তিনি।
নিজেকে ‘যুদ্ধবন্দি’ দাবি করা মাদুরো ৫ জানুয়ারি নিউইয়র্কে আদালতে হাজির হওয়ার পর আর কোনো বক্তব্য দেননি। শনিবারের পোস্টেই প্রথমবার তার অবস্থান জানা গেল।
সাম্প্রতিক এক শুনানিতে আদালত মাদুরো ও তার স্ত্রীর একটি আবেদন খারিজ করে দেয়।
ওই আবেদনে বলা হয়েছিল, ভেনেজুয়েলা সরকারের সহায়তা ছাড়া তারা আইনি খরচ বহন করতে পারছেন না।
‘মাদক-সন্ত্রাসবাদ’ ষড়যন্ত্র, কোকেন আমদানি এবং অস্ত্র সংক্রান্ত একাধিক অভিযোগে মাদুরো নিজেকে নির্দোষ দাবি করেছেন।
জানুয়ারির অভিযানের পর মাদুরোকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর দেশটির নেতৃত্বে আসেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।