ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন: ওয়াশিংটন পোস্ট

Date:

ইরানে কয়েক সপ্তাহ ধরে বড় ধরনের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট শনিবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে।

কর্মকর্তারা জানান, সম্ভাব্য এই স্থল অভিযান দেশ দখলের মতো কোনো পূর্ণাঙ্গ আগ্রাসন হবে না। বরং বিশেষ কমান্ডো বাহিনী ও সাধারণ পদাতিক সেনাদের সমন্বয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ঝটিকা হামলা বা ‘রেইড’ চালানো হতে পারে।

অত্যন্ত সংবেদনশীল ও গোপনীয় এই সামরিক পরিকল্পনাগুলো কয়েক সপ্তাহ ধরে তৈরি করা হচ্ছে এবং এ বিষয়ে কথা বলার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ না করার শর্ত দিয়েছেন।

ওয়াশিংটন পোস্ট বলছে, এ ধরনের অভিযানে মার্কিন সেনাসদস্যরা ইরানি ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্থলপথে হামলা এবং বিস্ফোরকসহ (আইইডি) নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে পারেন। পেন্টাগনের এই পরিকল্পনার সবটুকু নাকি কিছু অংশ ট্রাম্প অনুমোদন করবেন, নাকি একদমই করবেন না—তা শনিবার পর্যন্ত অস্পষ্ট ছিল।

যুদ্ধ কি শেষের পথে, নাকি তা আরও বিস্তৃত করা হবে—তা নিয়ে গত কয়েক দিন ধরে ট্রাম্প প্রশাসন দোটানায় রয়েছে। প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে সংঘাত শেষ করার ইচ্ছা প্রকাশ করলেও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মঙ্গলবার সতর্ক করে বলেছেন, তেহরান যদি পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি দেওয়া বন্ধ না করে, তবে ট্রাম্প তাদের ওপর ‘জাহান্নাম নামিয়ে আনতে’ প্রস্তুত।

এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে করা প্রশ্নের জবাবে লেভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টকে সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বোচ্চ বিকল্প সুযোগ তৈরি করে দেওয়া পেন্টাগনের কাজ। তার মানে এই নয় যে তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

কর্মকর্তারা জানান, গত এক মাস ধরে প্রশাসনের ভেতরে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ ইরানি তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ দখল এবং হরমুজ প্রণালির কাছে উপকূলীয় এলাকায় অতর্কিত অভিযান চালানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এই অভিযানের উদ্দেশ্য হলো বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালাতে সক্ষম এমন অস্ত্রশস্ত্র খুঁজে বের করে ধ্বংস করা। একজন কর্মকর্তা জানান, এই লক্ষ্য পূরণ হতে কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তবে অন্য এক কর্মকর্তার মতে, এতে ‘কয়েক মাস’ সময় লেগে যেতে পারে।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানানো হলেও পেন্টাগন শনিবার কোনো সাড়া দেয়নি।

Popular

More like this
Related

ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করল হুতিরা

ইসরায়েলের দক্ষিণের বিভিন্ন অংশে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত...

ভূমধ্যসাগরে ডুবে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের

নৌকায় চড়ে ইউরোপের উদ্দেশে সাগর পাড়ি দিতে চেয়েছিলেন তারা।...

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.)...

দিনাজপুরে বালুবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

দিনাজপুরের বিরামপুরে থেমে থাকা ট্রাকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায়...