মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
আজ বৃহস্পতিবার ভোর ৬টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
পুষ্পস্তবক অর্পণের পর, তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনস্বরূপ কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম (গার্ড অব অনার) জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।
রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়েও সই করেন।
পরে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে আরও দুটি পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিএনপির শীর্ষ নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ আরও অনেকে স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন।