ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা ‘মামলা বাণিজ্য’ ও প্রতিশোধের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘মিথ্যা মামলা ও হয়রানিমূলক কর্মকাণ্ড রোধে কঠোর অবস্থান নেওয়া হবে’ এবং তার এলাকায় এসব কোনোভাবেই চলতে দেওয়া হবে না।
সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুরে নিজ গ্রামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গ্রামবাসীর পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
রুমিন ফারহানা বলেন, ‘মামলা বাণিজ্য সারাদেশে ছড়িয়ে পড়েছে। একটি মামলায় শত শত আসামি দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা করতে টাকা নেওয়া হচ্ছে, আবার নাম কাটাতেও টাকা নেওয়া হচ্ছে।’
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে কেউ কথা বলেননি। ‘আমি শুরু থেকেই বলেছিলাম, এই মামলা বাণিজ্য একসময় ধ্বংস ডেকে আনবে।’
তিনি থানার পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘মিথ্যা মামলা এলে দয়া করে যাচাই-বাছাই করে নেবেন।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পেতে গেলে জেলগেটে নতুন মামলার কথা জানানো, এ ধরনের ঘটনাও উদ্বেগজনক। এসবের পরিণতি ভালো হবে না। আমাদের কোথাও না কোথাও থামতে হবে।’
প্রতিশোধের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘পাঁচ বছর ক্ষমতায় থাকলাম, শোধ নিলাম, এরপর অন্যরা এসে আবার শোধ নেবে, এই চক্র বন্ধ করতে হবে।’
তিনি বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তবে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।’