কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ আরোহীর সবাই নিহত হয়েছেন।
আজ রোববার সকালে আরব উপসাগরীয় অঞ্চলে কাতারের জলসীমায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে তিনজন তুরস্কের নাগরিক ও বাকি চারজন কাতার সেনাবাহিনীর সদস্য।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহত একজন দেশটির সেনাবাহিনীর সদস্য ও বাকি দুজন তুর্কি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কর্মী।
ইতোমধ্যে নিহতদের নাম প্রকাশ করেছে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তারা জানায়, নিয়মিত দায়িত্ব পালনের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।