হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প

Date:

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংসের মুখোমুখি হবে বলে তিনি জানিয়েছেন।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন। ইসরায়েলে তেহরানের চালানো সাম্প্রতিক বিধ্বংসী হামলার মধ্যেই ট্রাম্প এমন কঠোর অবস্থান নিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

তিন সপ্তাহের যুদ্ধ শেষে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান ‘গুটিয়ে নেওয়ার’ কথা বিবেচনা করছে। এর একদিন পরই তিনি ইরানকে সময় বেঁধে দিলেন। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি এখন কার্যত বন্ধ রয়েছে।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, তেহরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘হামলা করে গুঁড়িয়ে’ দেবে। তিনি আরও যোগ করেন, এই অভিযান শুরু হবে ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস করার মধ্য দিয়ে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান কেবল সেই সব দেশের জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে, যারা ইরানের ওপর হামলায় জড়িত। তবে যারা এই সংঘাত থেকে দূরে রয়েছে, তাদের জাহাজ চলাচলে ইরান সব ধরনের সহযোগিতা করবে।

ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের সেনাবাহিনী বলেছে, এ অঞ্চলে মার্কিন ও সংশ্লিষ্ট শাসকচক্রের মালিকানাধীন জ্বালানি এবং পানি বিশুদ্ধকরণ স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু হবে। খবরটি জানিয়েছে বার্তা সংস্থা ফারস নিউজ।

ট্রাম্পের হুঁশিয়ারির মাত্র কয়েক ঘণ্টা আগে দক্ষিণ ইসরায়েলে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে বিধ্বংসী হামলা, যাতে শতাধিক মানুষ আহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সব দিক থেকে’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আসা এই হামলায় আবাসিক ভবনগুলোর সম্মুখভাগ তছনছ হয়ে যায় এবং মাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, আরাদ শহরে ৮৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এর কয়েক ঘণ্টা আগে পাশের শহর দিমোনাতে ৩৩ জন আহত হন। এএফপিটিভির ফুটেজে দেখা গেছে, দিমোনার ধ্বংসস্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব স্তূপের পাশে মাটিতে একটি বিশাল গর্ত তৈরি হয়েছে।

এই দিমোনাতেই এমন একটি স্থাপনা রয়েছে যাকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রাগার বলে মনে করা হয়, যদিও ইসরায়েল কখনোই তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি।

ইসরায়েলি সেনাবাহিনী এএফপিকে জানিয়েছে, দিমোনার একটি ভবনে ক্ষেপণাস্ত্র ‘সরাসরি আঘাত’ হেনেছে। বেশ কয়েকটি জায়গায় হতাহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে ১০ বছর বয়সী এক শিশু স্প্লিন্টারের (শাপনেল) আঘাতে গুরুতর আহত হয়েছে।

এই ঘটনার পর নেতানিয়াহু ইরানে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। এর কয়েক ঘণ্টা পরই ইসরায়েলি সামরিক বাহিনী জানায় যে তাদের বাহিনী তেহরানে বড় ধরনের হামলা শুরু করেছে।

ইরান জানিয়েছে, তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই দিমোনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দেশটির বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানায়, তাদের বাহিনী দক্ষিণ ইসরায়েলের অন্যান্য শহরের পাশাপাশি কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে।

Popular

More like this
Related

কুমিল্লায় দুর্ঘটনায় নিহত ১২: বিরোধীদলীয় নেতার শোক, প্রকৃত কারণ উদঘাটনের দাবি

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত এবং ফেনীতে...

পাকিস্তানে ‘ভীতিপ্রদ’ কোচিং অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কার্স্টেন

​শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর গ্যারি কার্স্টেন তার...

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা: ২ গেটম্যান বরখাস্ত, ৩ তদন্ত কমিটি গঠন

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত হওয়ার ঘটনায়...

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চার...