ভাঙ্গায় রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

Date:

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মধ্যরাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। টর্চলাইট জ্বালিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইসমাইল মুন্সী (৬৫) ও কামরুল মিয়ার (৪৫) সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গতকাল রাত নয়টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কামরুল মিয়ার সঙ্গে ইসমাইল মুন্সীর ছেলে ফুয়াদ হোসেনের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাত ১২টার দিকে উভয় পক্ষ ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। রাতের অন্ধকার হওয়ায় টর্চলাইট জ্বালিয়ে এই সংঘর্ষ চলে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে আহতদের মধ্যে রুমা বেগম (৪০) ও মাসুদ হোসেন (৩৪) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 হামিরদী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইসমাইল মুন্সী ও কামরুল মিয়া পরস্পর ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্ত্বেও তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। চায়ের দোকানে কথা-কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত হয়। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Popular

More like this
Related

শেষ বক্তব্যে যে হুঁশিয়ারি দিয়েছিলেন আইআরজিসি মুখপাত্র নায়িনি

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলি...

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের মধ্যে ইরানে আটকা পরা প্রায় ২৮০...

কলকাতার ‘আজাদি’ সিনেমায় চঞ্চল চৌধুরী

দুই বাংলার সাড়া জাগানো অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতার একটি...

তনু হত্যা: ১০ বছরে ৭৮ শুনানির তারিখ, গ্রেপ্তার নেই

সোহাগী জাহান তনু হত্যার ১০ বছর পূর্ণ হলো আজ...