হরমুজ প্রণালি খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

Date:

যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি হরমুজ প্রণালি খুলে দিতে সহায়তা না করে, তাহলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ সতর্কবার্তা দেন। সেখানে ইউরোপের দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার আহ্বানও জানান।

তিনি বলেন, যারা এই প্রণালির সুবিধাভোগী, তাদেরই নিরাপত্তা নিশ্চিত করা উচিত। আর যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপ ও চীন উপসাগরীয় অঞ্চলের তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল।

ট্রাম্প আরও বলেন, ‘যদি কোনো ইতিবাচক সাড়া না আসে, তাহলে আমি মনে করি এটি ন্যাটোর ভবিষ্যতের জন্য খুবই খারাপ হবে।’

তিনি মিত্র দেশগুলোকে প্রণালিটি নিরাপদ রাখতে মাইনসুইপার ও অন্যান্য সামরিক সহায়তা পাঠানোর আহ্বান জানান।

দুই সপ্তাহেরও বেশি আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। রোববার সন্ধ্যায় তেলের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলারে পৌঁছায়, যা যুদ্ধ শুরুর সময় থেকে প্রায় ৪৫ শতাংশ বেশি।

ট্রাম্প জানান, এ মাসের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত শীর্ষ সম্মেলনের আগে তিনি বেইজিংয়ের কাছ থেকেও সহযোগিতা আশা করছেন।

তিনি বলেন, ‘চীনের প্রায় ৯০ শতাংশ তেল এই প্রণালি থেকে পরিবাহিত হয়, তাই তাদেরও সাহায্য করা উচিত।’

ফিনান্সিয়াল টাইমস জানায়, মিত্রদের প্রতিক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেন ট্রাম্প।

যুক্তরাজ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি যখন তাদের আসতে বললাম, তারা আসতে চাইল না। পরে বলল দুটি জাহাজ পাঠাবে। আমি বলেছি—এই জাহাজগুলো আমাদের জয়ের আগে দরকার, জয়ের পরে নয়।’

ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

তিনি বলেন, ‘তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমান প্রতিরক্ষা নেই, কোনো বিমান বাহিনীও নেই—সবই শেষ। এখন তারা শধু পানিতে মাইন বসিয়ে সামান্য ঝামেলা সৃষ্টি করতে পারে।’

Popular

More like this
Related

ভোট দিয়েছেন বলেই চাঁদাবাজি-দুর্নীতির লাইসেন্স দেইনি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন,...

শেষ পর্যন্ত তোমাকে চাই…

১৯৯২ সালের কলকাতা, কিশোর-শ্যামল-হেমন্তের প্রয়াণের পর বাংলা গানে তখন...

এক বছরের স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞার সঙ্গে বড় অঙ্কের জরিমানা চেলসির

নিয়মভঙ্গের ঘটনায় ইংল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব চেলসিকে বড় অঙ্কের...

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিলেও যুক্তরাজ্য ‘বৃহত্তর’...