চোটের কারণে তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। তা সত্ত্বেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াইয়ে প্রতিপক্ষের চেয়ে নিজেদের কোনো অংশে পিছিয়ে ভাবছেন না তাদের কোচ আলভারো আরবেলোয়া। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, রিয়াল কাউকে ভয় পায় না।
হাঁটুর চোটের কারণে আগামীকাল বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলোর প্রথম লেগের আগে অনুশীলনে নামতে পারেননি এমবাপে। পেপ গার্দিওলার দলের বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই তাই মাঠে নামতে হচ্ছে রিয়ালকে। যদিও তাদের কোচ দিয়েছেন স্বস্তির খবর, এমবাপের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
ফরাসি এমবাপে ছাড়াও ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম এবং দুই ব্রাজিলিয়ান রদ্রিগো ও এদের মিলিতাওয়ের মতো তারকা খেলোয়াড়দের চোটের কারণে দলে পাচ্ছে না রিয়াল। তবে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলটির আত্মবিশ্বাসে কোনো ঘাটতি দেখছেন না আরবেলোয়া।
স্প্যানিশ পরাশক্তিদের কোচ সাংবাদিকদের বলেছেন, ‘আমরা রিয়াল মাদ্রিদ এবং আমি মনে করি, আমরা কখনোই নিজেদেরকে কারও চেয়ে ছোট মনে করি না। পরিস্থিতি যাই হোক বা প্রতিপক্ষ যেই থাকুক না কেন, রিয়াল মাদ্রিদ কারও বিপক্ষে হীনম্মন্যতায় ভোগে না। কালকের প্রতিপক্ষ (ম্যান সিটি), তাদের কোচ ও খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। তবে আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব।’
দারুণ ছন্দে থাকা এমবাপে এবারের মৌসুমে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে তার নামের পাশে রয়েছে ৩৩ ম্যাচে ৩৮ গোল। তার শারীরিক অবস্থা নিয়ে বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার আরবেলোয়া বলেছেন, ‘সে আগের চেয়ে অনেক ভালো আছে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করছি। এই সপ্তাহটা ইতিবাচক ছিল, সে ভালো বোধ করছে। আশা করছি, দ্রুতই তাকে ফিরে পাব।’
এমবাপের অনুপস্থিতিতে রিয়ালের আক্রমণের মূল দায়িত্ব থাকবে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। রিয়ালের কোচের মতে, ‘সে বড় দায়িত্ব পালন করছে। ম্যানচেস্টার সিটিকে হারাতে হলে আমাদের ভিনির সেরা ফর্মটা প্রয়োজন।’
গত জানুয়ারিতে লস ব্লাঙ্কোদের কোচ হিসেবে জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হওয়া আরবেলোয়া গত দুই মাসের অভিজ্ঞতাকে ‘বড় শিক্ষা’ হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের এই হাইভোল্টেজ ম্যাচে গার্দিওলা নতুন কোনো কৌশল নিয়ে হাজির হতে পারেন বলেও শিষ্যদের সতর্ক করেছেন তিনি, ‘গার্দিওলা সব সময়ই চমক পছন্দ করেন। এই ধরনের বড় ম্যাচে তিনি ভিন্ন কিছু করার জন্য প্রস্তুত থাকেন।’