সিলেট নগরীতে তেল না পেয়ে পেট্রল পাম্পের এক কর্মীকে ছুরিকাঘাত করেছেন গ্রাহক। আজ সোমবার সন্ধ্যায় নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রল পাম্পে এ ঘটনা ঘটে।
আহত কর্মীর নাম মিঠু গোয়ালা। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৌমেন মৈত্র তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার ইফতারের দুই মিনিট আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রল পাম্পে তেল নিতে আসেন এক গ্রাহক। ইফতারের সময় ঘনিয়ে আসায় তেল দিতে অপারগতা প্রকাশ করায় ওই গ্রাহকের সঙ্গে কর্মীদের বাগবিতণ্ডা হয়। ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। সহকর্মীরা মিঠুকে হাসপাতালে ভর্তি করেন।
সৌমেন জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পুলিশ কাজ করছে।
এদিকে, হামলার প্রতিবাদে ও জ্বালানি তেল বিপণন খাতে সৃষ্ট সংকট নিরসনের দাবিতে মঙ্গলবার সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে অর্ধদিবস প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও পেট্রল পাম্পে প্রতীকী অর্ধদিবস ধর্মঘট পালন করা হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশদ আজিম আদনান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।