৯০০ গোলের দোরগোড়ায় মেসি

Date:

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রোববার ভোরে ডিসি ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। আর এই জয়ে অবদান রেখে ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকের একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি।

গত সপ্তাহে অরল্যান্ডোর বিপক্ষে ফ্লোরিডা ডার্বিতে জোড়া গোল করা মেসি বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে ডিসির বিপক্ষে ম্যাচের ২৭তম মিনিটে দুর্দান্ত এক চিপ শটে চলমান আসরে নিজের তৃতীয় গোলটি করেন।

মায়ামির জার্সিতে এটি মেসির ৮০তম গোল। এর ফলে তার বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ারের মোট গোলসংখ্যা গিয়ে দাঁড়াল ৮৯৯টি। অর্থাৎ আর মাত্র একটি গোল করলেই ইতিহাসের কেবল দ্বিতীয় ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

আগামী জুনে ৩৯ বছরে পা দিতে যাওয়া বিশ্বকাপজয়ী মেসি তার ক্যারিয়ারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ৬৭২টি এবং ফরাসি ক্লাব পিএসজির হয়ে ৩২টি গোল করেছেন। এছাড়া, আর্জেন্টিনার বিখ্যাত সাদা-আকাশী জার্সিতে তার আন্তর্জাতিক গোলসংখ্যা ১১৫টি।

ডিসির বিপক্ষে এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন মায়ামি।

ম্যাচের ১৭তম মিনিটে মেসির স্বদেশি রদ্রিগো দি পলের বাঁকানো শটে লিড নেয় মায়ামি। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। মাতেও সিলভেত্তির চমৎকার থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে আসা ডিসির গোলরক্ষক শন জনসনের মাথার ওপর দিয়ে আলতো চিপে বল জালে জড়ান তিনি।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডিসি ইউনাইটেড। ৭৫তম মিনিটে ইসরায়েলি ফরোয়ার্ড তাই বারিবো একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরান। তবে শেষ মুহূর্ত পর্যন্ত লিড ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে মায়ামি।

Popular

More like this
Related

টিভিতে প্রথম গান গাইলেন বুবলি

এবারের ঈদে ভিন্ন কিছু নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান...

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি...

প্রধানমন্ত্রীর দুই ইফতার মাহফিল বাতিল

বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত দুটি ইফতার...

ইসরায়েলের হামলায় তেহরানে ‘আগুনের নদী’

টানা নয় দিন ধরে ইরানের সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে টার্গেট...