কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Date:

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে জরুরি অবস্থা ঘোষণা করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এসব অস্ত্রের মোট মূল্য প্রায় ৬৬০ মিলিয়ন বা ৬৬ কোটি ডলার।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস।  

গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেছেন যে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে ইসরায়েলের কাছে দ্রুত অস্ত্র বিক্রি প্রয়োজন। 

এর আওতায় তাৎক্ষণিকভাবে ১ হাজার পাউন্ড ওজনের ১২ হাজার বোমা বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। 

এছাড়া পাঁচশ পাউন্ডের ১০ হাজার বোমা ও পাঁচ হাজার ছোট আকারের বোমাও বিক্রির অন্তর্ভুক্ত রয়েছে। 

ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে এটি প্রথমবারের মতো অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইনের জরুরি ধারা ব্যবহার করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির ঘটনা। 

এর আগে আরও তিনবার কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়াকে উপেক্ষা করে অস্ত্র বিক্রি বা সহায়তা পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে কোনবারই জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি।

এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে কংগ্রেসকে পাশ কাটিয়ে ৬ দশমিক ৫ বিলিয়ন বা সাড়ে ছয়শ কোটি ডলারের অস্ত্র ইসরায়েলকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন বা ৩৮০ কোটি ডলার সামরিক সহায়তা দেয়, যার মাধ্যমে ইসরায়েল মূলত মার্কিন অস্ত্র কিনে থাকে। 

কংগ্রেসকে পাশ কাটিয়ে অস্ত্র বিক্রির সিদ্ধান্তে ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প প্রশাসন।

প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি ডব্লিউ মিকস এক বিবৃতিতে বলেন, ‘এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের ইরানে যুদ্ধের যুক্তির সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসন বারবার বলেছে তারা এই যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু এখন কংগ্রেসকে পাশ কাটিয়ে অস্ত্র বিক্রি করা ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।’ 

তিনি একে ট্রাম্প প্রশাসনের তৈরি করা জরুরি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই দ্রুত বিপুল পরিমাণ গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে।

 

Popular

More like this
Related

ঝিনাইদহে পাম্পে তেল নিতে আসা ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা

শনিবার ঝিনাইদহ সদর এলাকায় পেট্রোল পাম্পে মোটরসাইকেলের জন্য তেল...

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৯৪

ইসরায়েলি হামলায় লেবাননে ২৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে...

ইবির শিক্ষক হত্যায় অভিযুক্ত ২ শিক্ষক ও ১ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী...

যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বিমানবন্দর এলাকার একটি দেয়ালে আবারও দেখা...