নোয়াখালীর বেগমগঞ্জে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘীর পাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও অস্ত্র জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—কাঁচিহাটা গ্রামের ফরহাদ ইসলাম ফাহিম (২০) ও তাজুল ইসলাম সুমন (৩৪)।
আজ শনিবার বিকেলে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) এ এন এম ইমরান খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি টহলদল ওই এলাকায় এক চায়ের দোকানের সামনে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে এগিয়ে যায়। একপর্যায়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালালে ফাহিমের পরিহিত প্যান্টের কোমরের সামনে গুঁজে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তলের দুটি গুলি উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’
অতিরিক্ত পুলিশ সুপার ইমরান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা পলাতক আরেক সহযোগীকে নিয়ে এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছিল। বেগমগঞ্জকে অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে পুলিশ কাজ করছে।’