ম্যানচেস্টার সিটি এখনও একটি পরিপূর্ণ দল হয়ে ওঠেনি, এটা মানছেন খোদ দলটির কোচ পেপ গার্দিওলাই। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে আর্সেনালকে টপকে যাওয়ার ব্যাপারে তিনি এখনও আত্মবিশ্বাসী।
গত সপ্তাহে পয়েন্ট তালিকার তলানির দিকে থাকা নটিংহ্যাম ফরেস্টের সাথে ২-২ গোলে ড্র করে বড় ধাক্কা খায় গার্দিওলার দল। বর্তমানে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। তবে তাদের হাতে একটি ম্যাচ বেশি আছে এবং আগামী এপ্রিলে নিজেদের মাঠে আর্সেনালের মুখোমুখি হবে তারা।
গার্দিওলার অধীনে এর আগেও ম্যান সিটি অনেকবার হতাশাজনক ফলাফলের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। শনিবার রাতে এফএ কাপের পঞ্চম রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও তেমন কিছুর প্রত্যাশা করছেন এই স্প্যানিশ কোচ। তবে তিনি স্বীকার করেছেন, বিপুল অর্থ খরচ করে পুনর্গঠন করা তার এই স্কোয়াডটি এখনও উন্নতির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
গার্দিওলা বলেন, ‘সাধারণত আমরা ভালো প্রতিক্রিয়া দেখাই এবং দ্রুত ব্যর্থতা ভুলে যাওয়ার ক্ষমতা আমাদের আছে। তবে বাস্তবতা হলো, আমরা এখনও প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটি পরিপূর্ণ দল হয়ে উঠিনি, কারণ দলে অনেক পরিবর্তন আসছে।’
তিনি যোগ করেন, ‘কিন্তু আমরা যদি দ্রুত শিখতে পারি, তাহলে এখনও সব হারিয়ে যায়নি। মৌসুমের শেষ মাস পর্যন্ত আমাদের সুযোগ থাকবে। আমি নিশ্চিত যে, আগামী মৌসুমে আমরা আরও ভালো করব, এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’
গার্দিওলার বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছর পর্যন্ত। তার এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তিনি ইতিহাদ স্টেডিয়ামেই থাকছেন। যদিও এক দশক দায়িত্ব পালনের পর আসন্ন গ্রীষ্মেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন ছিল, তবে গত ডিসেম্বরে তিনি থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
নিউক্যাসলের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায়। এই সময়সূচি নিয়ে গার্দিওলার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এটি নটিংহ্যামের বিপক্ষে ম্যাচের পর সিটির খেলোয়াড়দের বিশ্রামের জন্য বাড়তি সময় দিলেও আগামী বুধবার রাতে অনুষ্ঠেয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার প্রস্তুতির সময় কমিয়ে দিয়েছে।
এই প্রসঙ্গে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ গার্দিওলা বলেন, ‘বিশ্রাম, ঘুম, খাবার ও অনুশীলন— ধকল কাটিয়ে ওঠার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি, কীভাবে এটি সামলাতে হয়। রাত ৮টায় খেলতে বলা হলে আমরা রাত ৮টাতেই খেলব।’