২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগামীকাল আহমেদাবাদে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচের আগে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ এবং দুই দলের জয়ের সম্ভাবনা নিয়ে বড় এক ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার মতে, ফাইনালে বুমরাহ ‘ম্যান অব দ্য ম্যাচ’ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রোমাঞ্চকর জয়ে বড় ভূমিকা ছিল বুমরাহ’র। ২৫৩ রানের বিশাল পুঁজি নিয়েও ইংল্যান্ড যখন জয়ের খুব কাছে চলে গিয়েছিল, তখন ১৮তম ওভারে মাত্র ৬ রান দিয়ে ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ১ উইকেট নিলেও তার নিয়ন্ত্রিত বোলিংই ছিল দুই দলের মূল পার্থক্য।
একটি ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, ‘চাপের মুখে নিজের দক্ষতাকে কাজে লাগানোই বুমরাহকে বিশ্বের সেরা বোলার করে তুলেছে। সে ভারতের জন্য তুরুপের তাস। ফাইনালে সে যদি সেরা খেলোয়াড় নির্বাচিত হয়, তবে আমি মোটেও অবাক হবো না। সে এখন এতটাই অপ্রতিরোধ্য।’
তবে ফাইনালের সমীকরণ নিয়ে ক্লার্কের বিশ্লেষণ বেশ চমকপ্রদ, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচটির আগে যদি বলা হতো যে ভারত-নিউ জিল্যান্ড ফাইনাল হবে, আমার মনে হয় এটা নিয়ে সংশয়ই ছিল না ভারত অনেকটা এগিয়ে থেকে ফেভারিট ছিল। এখন নিউ জিল্যান্ড যেভাবে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে, আমার মনে হয় সমীকরণ ৫০-৫০। তবে শেষ পর্যন্ত আমার মনে হয়, নিউ জিল্যান্ডকে হারিয়ে দেবে ভারত।’
ক্লার্ক মনে করেন, ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইতিহাস গড়া। তিনি বলেন, ‘ভারতের জন্য চ্যালেঞ্জ হলো, কোনো দল এখনও পর্যন্ত পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। তারা সেটা জানে। তারা জানে যে, নিজেদের আঙিনায় খেলছে এবং তারা এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল ও জয়টা তাদের কাছে প্রবলভাবে প্রত্যাশিত।’
বুমরাহ’র প্রশংসা করে ক্লার্ক আরও বলেন, ‘বুমরাহ বিশ্বের যেকোনো কন্ডিশনে ম্যাচ জেতাতে পারে। ভারত সাধারণত হার্দিক পান্ডিয়াকে দিয়ে বোলিং শুরু করিয়ে বুমরাহ’র ওভারগুলো ডেথ ওভারের জন্য জমিয়ে রাখছে, যা একটি দারুণ কৌশল। বুমরাহ একজন অতিমানবীয় ক্রিকেটার। সে রান আটকানোর মেশিন এবং উইকেট শিকারী। চাপের মুখে তার মতো নিখুঁত বোলিং বিশ্ব ক্রিকেটে আর কেউ করতে পারে না।’
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। ১৫.৯০ গড় আর মাত্র ৬.৬২ ইকোনমি রেট নিয়ে তিনি মোস্তাফিজুর রহমান ও ভারতের অন্য বোলারদের সঙ্গে তাল মিলিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।