রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ের মৃত্যু হয়েছেন। তারা হলেন বাবা সাজু আহমেদ (৪৫) ও তার মেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃষা (২১)।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের মসজিদের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নিউমার্কেট থানা-পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, নিহত সাজু আহমেদ সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরে চাকরি করতেন। তার মেয়ে সুমাইয়া ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাদের বাসা রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে। রাতে মোটরসাইকেলে করে সায়েন্স ল্যাব এলাকা থেকে বাসায় ফিরছিলেন তারা। পথে সায়েন্স ল্যাব মোড়ে মসজিদের বিপরীত পাশে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাজু আহমেদ মারা যান। গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।
এসআই আরও জানান, ঘটনার পরপরই ট্রাকটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে।