যুদ্ধ শেষ করতে কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে: ইরান প্রেসিডেন্ট

Date:

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রথমবারের মতো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে কিছু দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে।’ 

তবে কোন কোন দেশ এ উদ্যোগ নিয়েছে তা তিনি উল্লেখ করেননি। 

তিনি আরও বলেন, ‘যেকোনো আলোচনা তাদের উদ্দেশ্যেই হওয়া উচিত, যারা যুদ্ধ শুরু করেছে।’

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ইরান প্রেসিডেন্টের দেওয়া এসব তথ্য উঠে এসেছে। 

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরুর পর থেকে কাতার, তুরস্ক, মিশর ও ওমান বিভিন্ন সময় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দুই দিন আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ‘এখন কূটনীতির সময় নয়, বরং দেশের প্রতিরক্ষার সময়।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। স্পষ্ট করে বলি, আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা কোনো দ্বিধা করব না। মধ্যস্থতা তাদের উদ্দেশ্যেই হওয়া উচিত যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে ও এই সংঘাত শুরু করেছে।’

ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় থাকাকালীন এ যুদ্ধ শুরু হয়। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর সময়েও দুই পক্ষের পারমাণবিক আলোচনা চলছিল।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বক্তব্যে শিগগির আলোচনায় বসার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার রাতে বলেন, ‘ইরানের ওপর সামরিক অভিযান বৃদ্ধি পেতে যাচ্ছে।’ 

অন্যদিকে শুক্রবার সকালে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী অভিযানকে আরও নতুন ও তীব্র পর্যায়ে নেওয়ার ঘোষণা দেয়।

যুদ্ধ শুরুর পর বিভিন্ন সময়ে পেজেশকিয়ান বলেছেন, ইরানের আলোচনায় বসার জন্য এখন অনেক দেরি হয়ে গেছে। সামগ্রিকভাবে তিনি ইরানে নতুন নেতৃত্ব খোঁজার ওপর বেশি জোর দিয়েছেন, যাতে সম্পূর্ণ শাসনব্যবস্থা পরিবর্তনের পরিস্থিতি এড়ানো যায়—যা ইসরায়েলের পছন্দ।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প চান না, আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন।

অবশ্য ইরানের দুর্বল হয়ে পড়া সংস্কারপন্থী জোট বলছে, তেহরানের উচিত এমন একজন সর্বোচ্চ নেতা নিয়োগ করা, যিনি যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রচারণাকে চ্যালেঞ্জ করার পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বিভাজন কমাবেন।

প্রায় দেড় বছর আগে পেজেশকিয়ানকে প্রেসিডেন্ট হতে সহায়তা করেছিল সংস্কারপন্থী জোট ‘রিফর্ম ফ্রন্ট’। তাদের ভাষ্য, মধ্যপ্রাচ্যে বেসামরিক মার্কিন স্থাপনায় হামলা ইরানের প্রতি আন্তর্জাতিক সমর্থন কমিয়ে দিচ্ছে। দেশটির দনইয়া-ই-একতেসাদ পত্রিকার এক প্রতিবেদনে এমনটা উদ্ধৃত হয়েছে। 

রিফর্ম ফ্রন্ট বলেছে, ‘নতুন নেতৃত্ব নির্বাচন বিশ্বের কাছে শান্তি ও বন্ধুত্বের বার্তা দিতে পারে। এর মাধ্যমে বৈশ্বিক পর্যায়ে যুদ্ধবিরোধী আন্দোলনকে শক্তিশালী করা সম্ভব। এটি ইরানে নতুন যুগের সূচনার বার্তা দেবে—যে যুগে দেশের শাসন ব্যবস্থায় সব রাজনৈতিক ও নাগরিক মত ও প্রবণতার অংশগ্রহণের প্রতিশ্রুতি থাকবে।’

রিফর্ম ফ্রন্ট বলেছে, সাধারণ ক্ষমার মাধ্যমে রাজনৈতিক বন্দি ও নাগরিক কর্মীদের মুক্তি দেওয়া জরুরি। তাদের মতে, সবচেয়ে উন্নত সামরিক ও তথ্য প্রযুক্তি সম্বলিত এমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জাতীয় ঐক্য ও সংহতি থাকলেই কেবল সমাজ টিকে থাকতে পারে।

তারা আরও আহ্বান জানিয়েছে, ইরানি সমাজের সব অংশকে, যেমন তুর্কি, কুর্দি, লোর, আরব, বালুচি, তুর্কমেন, পার্সিয়ানসহ সবাইকে—ইরানের জাতীয় পরিচয়, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এগিয়ে আসতে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আগ্রাসনকে কঠোরভাবে নিন্দা করলেও তারা বলেছে, গত গ্রীষ্মে ১২ দিনের যুদ্ধের পর রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান যদি মানা হতো, তাহলে কূটনৈতিকভাবে ও সামাজিক সংহতির দিক থেকেও ইরান আরও শক্ত অবস্থানে থাকত।

Popular

More like this
Related

শ্রীপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।শুক্রবার...

সবাইকে সাহসী করে তুলেছিল যে ভাষণ

এই জাতির মুক্তি-সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর...

নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আহত ৩

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের...

মুন্সীগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া...