পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে চার দিনের বিসিএলের পরিকল্পনা

Date:

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আগামী মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। তার প্রস্তুতির অংশ হিসেবে এপ্রিলের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চার দিনের সংস্করণের একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মে মাসে পাকিস্তানকে আতিথ্য দেওয়ার সূচি রয়েছে বাংলাদেশের। গত নভেম্বরের পর টাইগাররা আর কোনো টেস্ট না খেলায় বোর্ড এখন ক্রিকেটারদের জন্য লাল বলের পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করতে মনোযোগ দিচ্ছে।

বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার এইএম কাওসার মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘আমাদের পরিকল্পনা রয়েছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে টুর্নামেন্টটি আয়োজন করার। টেস্টের প্রস্তুতির জন্য এটি প্রয়োজন এবং আমরা আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে এটি আয়োজন করতে চাই।’

চার দিনের বিসিএলে ফাইনাল ছাড়াই মোট ছয়টি ম্যাচ আয়োজনের লক্ষ্য নির্ধারণের কথা জানিয়ে তিনি যোগ করেছেন, ‘আমরা বিসিএলের অন্তত দুই রাউন্ডে জাতীয় দলের খেলোয়াড়দের দেখতে চাই। তাদের অনুপস্থিতিতে শেষ রাউন্ডে সম্ভাবনাময় নবাগতরা খেলবে।’

এদিন বিসিএলের ওয়ানডে সংস্করণ শেষ হয়েছে, যেখানে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেন্ট্রাল জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ জোন।

অন্যদিকে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ও ঢাকা নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বর্তমান বোর্ডের অধীনে খেলতে অনিচ্ছুক শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ক্লাবের প্রতিবাদের কারণে সূচি অনুযায়ী চলতি মাসে টুর্নামেন্টগুলো শুরু হবে কিনা, তা নিশ্চিত নয়।

ওই কর্মকর্তার তথ্যমতে, পুরুষদের ডিপিএলে ১২টি দলের মধ্যে নয়টি এবং নারীদের ডিপিএলে ১০টি দলের মধ্যে চারটি দল অংশ নিতে আগ্রহ দেখায়নি। এদের মধ্যে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো শক্তিশালী দলও রয়েছে।

তিনি বলেছেন, ‘আমাদের ম্যানেজমেন্ট এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। পরিস্থিতি এখনও অচল হয়ে আছে। ঈদের আগে আমাদের কোনো কাজের সূচি নেই। ঈদুল ‘ফিতরের পর হয়তো কোনো অগ্রগতির সম্ভাবনা রয়েছে।’

Popular

More like this
Related

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক...

ক্ষেপণাস্ত্র বনাম প্রতিরক্ষা ব্যবস্থা, কত দিন চলবে প্রতিযোগিতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এখন মূলত দুটি দৃশ্যের লড়াইয়ে পরিণত...

সাইফ-নাইমের ব্যাটে চড়ে বিসিএল ওয়ানডের শিরোপা জিতল সেন্ট্রাল জোন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট লিগের...

খামেনিকে হত্যা কেন হিতে বিপরীত হতে পারে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি...