চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই বড় শোকের মুখে পড়লেন রিঙ্কু সিং। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার বাবা খাঞ্চাঁদ সিং মারা যাওয়ায় টুর্নামেন্ট চলাকালেই দল ছেড়ে দেশে ফিরেছেন ভারতীয় দলের এই মিডল অর্ডার ব্যাটার।
এর আগে বৃহস্পতিবার চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে দলে যোগ দিলেও একাদশে ছিলেন না রিঙ্কু। সেই ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ভারত ৭২ রানে হারায় জিম্বাবুয়েকে। ফলে শেষ সেমিফাইনাল স্পটের লড়াইয়ে এখন তাদের সামনে নির্ধারণী ম্যাচ, রবিবার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হবে অলিখিত কোয়ার্টার-ফাইনাল।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রিঙ্কুর বাবা খাঞ্চাঁদ সিং লিভার ক্যানসারে ভুগছিলেন এবং শুক্রবার সকালে নয়াদিল্লির উপকণ্ঠের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৮ বছর বয়সী বাঁহাতি এই আগ্রাসী ব্যাটার মূলত শেষদিকে দ্রুত রান তোলার দক্ষতার জন্য পরিচিত। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত ফিনিশারের ভূমিকা পালন করেই তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা করে নেন।
অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা রিঙ্কুর গল্প বহু মানুষের অনুপ্রেরণা। ২০২৩ সালে ভারতের হয়ে অভিষেকের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তার বাবার গ্যাস সিলিন্ডার সরবরাহের কাজ করার ভিডিও, যা তার সংগ্রামী জীবনের প্রতীক হয়ে ওঠে।
এই দুঃসময়ে ক্রিকেট মহল থেকেও সমবেদনার ঢল নেমেছে। ভারতের সাবেক স্পিনার হরভজন সিং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “রিঙ্কু এবং তার পরিবারের জন্য এটি নিঃসন্দেহে অত্যন্ত কঠিন সময়।”