গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ড্রেনের একটি অরক্ষিত ম্যানহোলে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে মৃত কিশোরের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৫ বছর। তার পরনে ছিল খয়েরি রঙের প্যান্ট ও কালো রঙের জ্যাকেট।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এসআই সানোয়ার হোসেন বলেন, মৃত কিশোরের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।