রাজধানীর রায়েরবাজার এলাকায় ১৪ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় সিয়াম (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওই যুবকের বাসা কাঁঠালবাগান এলাকায়। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে।’
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম তার অপরাধ স্বীকার করেছে। আরও জানিয়েছে তারা পূর্ব পরিচিত ছিল,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।
গত রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক ৯টার দিকে বাসার সামনে তার ওপর হামলা হয়।
হাসপাতালেই নিহত শিক্ষার্থীর বাবা বেলাল হোসেন সাংবাদিকদের জানান, তার মেয়ে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত রাতে সে তার ছোট ভাইকে নিয়ে বাসার বাইরে গিয়েছিল।
‘কিছুক্ষণ পর আমরা হইচই শুনতে পাই। নিচে গিয়ে দেখি, কে বা কারা আমার মেয়েকে কুপিয়ে ফেলে রেখে গেছে,’ বলেন বেলাল।
তিনি আরও জানান, গুরুতর আহত হলে প্রথমে তার মেয়েকে শিকদার মেডিকেল, পরবর্তীতে সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়েছিলেন।
ওই শিক্ষার্থীর মা নাদিয়া বেগম অভিযোগ করেন, গত তিন-চার বছর ধরে সিয়াম মোবাইল ফোনে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল।
‘আমি একবার ফোনে তাকে বকাঝকা করেছিলাম। সে আমার মেয়েকে হত্যা করেছে। আমি এর বিচার চাই,’ বলেন তিনি।