একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি

Date:

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখার অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই কমিটি গঠনের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’র (একনেক) সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, বিকল্প সভাপতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতু রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

সহায়তাদানকারী কর্মকর্তারা হলেন- মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিকল্পনা বিভাগ পরিকল্পনা কমিশনের সদস্যগণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন।

কমিটির কার্যপরিধি

এই কমিটি সব বিনিয়োগ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট প্রপোজাল (টিএপিপি) ও টেকনিক্যাল প্রজেক্ট প্রপোজাল (টিপিপি) বিবেচনা ও অনুমোদন করবে।

সরকারি খাতে ৫০ (পঞ্চাশ) কোটি টাকার ঊর্ধ্বে মোট বিনিয়োগ ব্যয় সংবলিত প্রকল্পগুলতে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার সুপারিশ বিবেচনা ও অনুমোদনের পাশাপাশি উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবে এই কমিটি।

বেসরকারি উদ্যোগ, যৌথ উদ্যোগ অথবা অংশগ্রহণমূলক বিনিয়োগ কোম্পানিসমূহের প্রস্তাব বিবেচনা করবে কমিটি।

এই কমিটি দেশের অর্থনৈতিক পরিস্থিতির পরিবীক্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ও এর সঙ্গে সংশ্লিষ্ট নীতি-নির্ধারণী বিষয়গুলো পর্যালোচনার পাশাপাশি বৈদেশিক সহায়তার বার্ষিক লক্ষ্যমাত্রা বিবেচনা ও অনুমোদন এবং এই লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি পর্যালোচনা করবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির বৈঠক প্রয়োজনানুসারে অনুষ্ঠিত হবে। পরিকল্পনা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।

Popular

More like this
Related

বাবর আজম পাকিস্তান দলের ‘ইনস্যুরেন্স পলিসি’

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে বাবর আজমে স্ট্রাইকরেট একশোর নিচে।...

বইমেলায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন,...

১৮ মাস পর ফের চালু হলো ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস

দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবারও...

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপা‌ন সফরের আমন্ত্রণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানিয়েছে জাপান।আজ বুধবার...