হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় যক্ষ্মা প্রতিরোধে বিশেষ সতর্কতা জারি করেছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আজ শনিবার সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, এক বিবৃতিতে জনসাধারণকে ভিড় ও বদ্ধ স্থানে মাস্ক পরাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, রমজান মাসে বাজার, ইফতারসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভিড় বাড়তে থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে।
এতে আরও বলা হয়, এখনো চিকিৎসা নেয় নি এমন যক্ষ্মা আক্রান্ত ব্যক্তির উপস্থিতিতে ভিড় ও বদ্ধ স্থানে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি মাসের ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত এক সপ্তাহে দেশজুড়ে ৫৯৬ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৭১ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয় আরও জানায়, ইনফ্লুয়েঞ্জা বা কোভিড-১৯ এর মতো দ্রুত ছড়ায় না যক্ষ্মা। তুলনামূলকভাবে ধীরে ছড়ালেও এটি দীর্ঘস্থায়ী হয় এবং বারবার সংক্রমণ ঘটে।
যক্ষ্মা প্রতিরোধে জনসচেতনতা ও আগাম পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত শনাক্ত, কার্যকর চিকিৎসা ও সংক্রমণ প্রতিরোধে জোর দিয়েছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবৃতিতে জনসাধারণকে দেওয়া পরামর্শগুলোর মধ্যে রয়েছে—উপসর্গ থাকলে বা ভিড়ে গেলে মাস্ক পরা, কাশি-হাঁচির শিষ্টাচার মেনে চলা, ঘরের ভেতরে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা এবং দুই সপ্তাহের বেশি কাশি বা যক্ষ্মা সংশ্লিষ্ট উপসর্গ থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া।