টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হতাশাজনক বিদায়ের পর যখন চারদিকে সমালোচনার ঝড়, তখন দলের প্রস্তুতিকে দায়ী না করে সরাসরি খেলোয়াড়দের পারফরম্যান্সকেই কাঠগড়ায় তুললেন প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার মতে, টুর্নামেন্টকে গুরুত্ব দেওয়া হয়নি এমন অভিযোগ বাস্তবতা নয়, বরং খারাপ ফলাফলের পর তৈরি হওয়া এক ধরনের “ভুল ধারণা”।
গ্রুপ পর্বেই বিদায় নেয় অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে পরাজয় দলটিকে ছিটকে দেয় টুর্নামেন্ট থেকে, যা দেশে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকেরা বিশেষ করে দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ ওঠে, বিগ ব্যাশ লিগকে অগ্রাধিকার দেওয়ায় কয়েকজন খেলোয়াড় পাকিস্তানে অনুষ্ঠিত প্রস্তুতি সিরিজে দেরিতে যোগ দেন।
সেই সিরিজেও ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া, পাকিস্তানের কাছে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর বিশ্বকাপের সুপার এইট পর্বে ওঠার সুযোগও হাতছাড়া হয়।
তবে কোচ ম্যাকডোনাল্ড এসব সমালোচনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তার দাবি, দল দীর্ঘ সময় ধরেই বিশ্বকাপকে সামনে রেখে পুরোপুরি মনোযোগী ছিল।
“শোনা যাচ্ছে, টি–টোয়েন্টি বিশ্বকাপ নাকি আমাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু এটি আসলে পারফরম্যান্সের প্রতিক্রিয়া মাত্র। আমরা ২০২১ সালে শিরোপা জিতেছিলাম, এরপর তেমন সাফল্য পাইনি, তাই প্রত্যাশাও বেশি। কিন্তু আমরা অন্য ফরম্যাটকে বেশি গুরুত্ব দিচ্ছি, এ কথা পুরোপুরি ভুল,” বলেন তিনি।
চোটের কারণে দলের দুই শীর্ষ পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে না পাওয়াও বড় ধাক্কা ছিল। তবু কোচের মতে, দলে থাকা খেলোয়াড়দের সামর্থ্য যথেষ্ট ছিল, সমস্যা ছিল মাঠের পারফরম্যান্সে।
“যারা খেলেনি তাদের নিয়ে অজুহাত দেওয়ার সুযোগ নেই। আমাদের দেখা উচিত যারা খেলেছে তারা কী করেছে। আমরা হতাশ, এবং এই সমালোচনা যথার্থ, এটা আমাদেরই মেনে নিতে হবে,” বলেন তিনি।
টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে শুক্রবার শ্রীলঙ্কার পাল্লেকেলেতে ওমানর মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচটি ফলাফলের দিক থেকে গুরুত্বহীন হলেও, সম্মান বাঁচানোর লড়াই হিসেবেই দেখছে দলটি।