আগামী ঈদুল ফিতরের আগেই সরকার পাইলট ভিত্তিতে বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি ছিল ক্ষমতাসীন দলের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার।
স্বপন জানান, অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। ধাপে ধাপে দেশের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে।
এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘নির্বাচনী ইশতেহারেই ফ্যামিলি কার্ডের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ ছিল। এটি কীভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’
প্রথম ধাপে কত পরিবার কার্ড পাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কর্মসূচিটি হবে সর্বজনীন, কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি গঠন করা হবে এবং তাদের সুপারিশ অনুযায়ী পর্যায়ক্রমে কার্ড বিতরণ শুরু হতে পারে। প্রথমে অতি দরিদ্র, পরে দরিদ্র এবং এরপর মধ্যবিত্ত পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।’