রিয়ালের বিপক্ষে লড়াইয়ের আগে ফেরার খবরকে ‘গল্প’ বললেন মরিনহো

Date:

তারকা কোচ জোসে মরিনহো জোর দিয়ে জানালেন, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ‘না’ বলার সামর্থ্য রাখেন তিনি। এতে ইতিহাসের সফলতম স্প্যানিশ ক্লাবটিতে তার ফেরার যে গুঞ্জন উঠেছিল, তা তিনি নাকচ করে দিলেন।

পর্তুগিজ কোচ মরিনহো এখন আছেন স্বদেশি ক্লাব বেনফিকার দায়িত্বে। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বের লড়াইয়ের প্রথম লেগে লিসবনে তারা রিয়ালকে আতিথ্য দেবে। আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে ফিরতি লেগের ম্যাচ।

৬৩ বছর বয়সী মরিনহো গত ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত মাদ্রিদের দায়িত্বে ছিলেন। আর এখন বেনফিকার সঙ্গে চুক্তিতে এমন একটি শর্ত রয়েছে, যা তার ক্লাব ছাড়ার সুযোগ রেখেছে। এটিই গুঞ্জনে ঘি ঢেলেছে যে, পেরেজ হয়তো আগামী মৌসুমে আবারও তার দিকে হাত বাড়াতে পারেন।

গত মাসে চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে কোচ আলভারো আরবেলোয়ার অধীনে থাকা রিয়ালকে ৪-২ গোলে হারায় বেনফিকা। সেই ফলাফলের পথ ধরেই দল দুটি এখন দুই লেগের প্লে-অফ পর্বে পরস্পরের মুখোমুখি হচ্ছে।

মাদ্রিদের সভাপতির কাছ থেকে কোনো প্রস্তাব পেলে তিনি ফিরিয়ে দিতে পারবেন কিনা— ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেন, ‘আপনি কি না বলতে পারেন? অবশ্যই। হ্যাঁ, আপনি পারেন। আমি রিয়ালকে আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। আমি ভালো কিছু করেছি, মন্দ কিছুও করেছি, কিন্তু আমার যা দেওয়ার ছিল তার সবটুকুই নিংড়ে দিয়েছি। এই তো।’

তিনি যোগ করেন, ‘কেউ যখন এমন অনুভূতি নিয়ে কোনো ক্লাব ছাড়ে, তখন সেই সংযোগ সব সময় থেকেই যায়। রিয়ালের ভক্তরা আমাকে খুব সম্মান করেন, যা দারুণ। তবে এর মাধ্যমে আমি ভিত্তিহীন কোনো গল্প ছড়াতে দিতে চাই না। বাস্তবতা হলো, বেনফিকার সঙ্গে আমার চুক্তির আরও এক বছর বাকি আছে। এটি একটি বিশেষ চুক্তি ছিল। কারণ, এটি ক্লাবের সভাপতি নির্বাচনের সময় সই করা হয়েছিল।’

লিসবনে আগের দেখায় মরিনহোর দল যে আধিপত্য দেখিয়েছিল, এবারের ম্যাচটি তার থেকে ভিন্ন হবে বলে তিনি মনে করেন। চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়ালের শক্তির কথাও গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন তিনি, ‘আমি এমন এক রিয়াল মাদ্রিদকে দেখার প্রত্যাশা করছি, যারা চ্যাম্পিয়ন্স লিগ জেতার এক নম্বর দাবিদার।’

অন্যদিকে, মরিনহোর সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও শেষ ষোলোতে পৌঁছাতে বদ্ধপরিকর আরবেলোয়া, ‘আমার লক্ষ্য, বেনফিকাকে আসর থেকে বিদায় করা। এরপর মরিনহো সবকিছু জিতুন, তাতে কোনো সমস্যা নেই। আমি তাকে শুভকামনা জানাই।’

নিজেদের সবশেষ ম্যাচে লা লিগায় রিয়াল সোসিয়েদাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে বেনফিকার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি সারে রিয়াল। সেদিন হাঁটুর সমস্যার কারণে বেঞ্চে ছিলেন তারকা ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তিনি এবার শুরুর একাদশে থাকবেন কিনা, তা অবশ্য স্পষ্ট করেননি আরবেলোয়া।

Popular

More like this
Related

ভেঙে গেল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ...

সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে...

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ পেলেন যারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস...

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে ভারত সফরের আমন্ত্রণ...