বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বাংলাদেশের সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন দেশটির লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মাননীয় স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে তুলে ধরে এবং আমাদের দুই দেশকে একসূত্রে বেঁধে রাখা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।’
এতে আরও বলা হয়, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধে আবদ্ধ প্রতিবেশী দেশ হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরকে ভারত স্বাগত জানায়। জনগণের বিপুল সমর্থনের মাধ্যমে তার দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ স্পষ্ট ম্যান্ডেট পেয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় শপথ অনুষ্ঠানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ দক্ষিণ এশিয়া ও এর বাইরের অন্তত ১১টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণ পাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছেন চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটানের নেতারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ‘ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিট’-এ ব্যস্ত থাকায় ঢাকার অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।
শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অন্য দেশের নেতারা উপস্থিত থাকবেন কি না, তা এখনো জানা যায়নি।