নির্বাচনের পরিবেশ ‘সো ফার সো গুড’: নজরুল ইসলাম খান

Date:

আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ ‘সো ফার সো গুড’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র চলছে কিনা, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা একটা জটিল সময়ে যাচ্ছি। আমাদের প্রতিপক্ষ খুব দুর্বল না, যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে তাদের প্রচুর বেনিফিশিয়ারি আছে এখানে, যারা এই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতে পারে। আমাদের দেশের ভেতরেও যাদের বিজয় সম্পর্কে দুশ্চিন্তা আছে কিংবা পরাজয় সম্পর্কে যারা নিশ্চিত, তারা অনেকেই চেষ্টা করতে পারে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার।’

তিনি আরও বলেন, ‘আবার কিছু খারাপ ব্যক্তিও তো আছে। যারা ক্ষতি করতে পারলেই খুশি হয়। তবে এই চেষ্টা থাকার পরেও জনগণের আগ্রহ তার চেয়েও বেশি। জনগণ চায় নির্বাচনটা হোক এবং সুষ্ঠুভাবে হোক। আমরাও বিশ্বাস করি নির্বাচন সুষ্ঠভাবে হবে।’

‘সেরকম সময়ে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে অবস্থান না নেয়, এটাই তো প্রত্যাশিত। যদি কেউ নেয় আমরা তাদেরকে জনগণের প্রতিপক্ষ বলে বিবেচনা করি,’ যোগ করেন তিনি।

ঠাকুরগাঁওয়ের জামায়াত ইসলামীর নেতা টাকাসহ আটক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘সৈয়দপুরের ঘটনার রেফারেন্সে একটা বিশেষ বাহিনীর বড় কর্মকর্তা বলেছেন, কাস্টমসের অনাপত্তিতেই ঠাকুরগাঁও জেলা জামায়েতের আমিরকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়। আভ্যন্তরীণ রুটে অর্থ-পরিবহনে কোনো সীমাবদ্ধতা নেই। যদি কোনো সীমাবদ্ধতা না থাকে তাহলে অনুমতির দরকার হয় কেন? তাহলে উনার প্রথম কথার সঙ্গে দ্বিতীয় কথা তো মিলল না। আর এই কথা তো উনার কাছে কেউ জানতে চাই নাই। তাহলে তার অতি উৎসাহ নিয়ে এই কথাটা বলার দরকার হলো কেন?’

‘জামায়াতের জনপ্রিয়তা নষ্ট করতে বিএনপি এই নাটক সাজিয়েছে’ জামায়াতের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘টাকাসহ জামায়াত নেতাকে আটক তো পুলিশ করেছে। বিএনপি তো ধরে নাই। নাটক হলে, এই নাটকের অভিনেতা তো তারাই।’

ঢাকা-১৫ আসনে জামায়াতের ১২টি নির্বাচনী ক্যাম্প পোড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি কেউ এটা করে থাকে, এটা খুব অন্যায় হয়েছে। এটার উপযুক্ত তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা এটা করিনি। অন্য কেউ ষড়যন্ত্র করছে।’ 

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি কতটা সন্তুষ্ট, এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমাদের ধারণা নির্বাচন কমিশন আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারত।’
 

Popular

More like this
Related

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনকালীন বিরোধের জেরে যুবককে গুলি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনকালীন স্থানীয় বিরোধের জেরে এক যুবক...

ওষুধ বাজারে অস্থিরতা: বাংলাদেশসহ বিকল্প উৎসে ঝুঁকছে আফগানিস্তান

ওষুধ শিল্পে পাকিস্তানের ওপর দীর্ঘদিনের নির্ভরতা কমাতে উদ্যোগ নিয়েছে...

মন্ত্রিপরিষদে ডাক পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা

দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি...