মানিকগঞ্জে যৌথ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার

Date:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুর্গম এলাকা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী।

গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার লেছড়াগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মানিকগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি দল হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। ওই সময় একটি সেতুর নিচ থেকে পাকিস্তানে তৈরি একটি রিভলবার, পাঁচটি ককটেল, কিছু ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়। 

লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম বলেন, ‘দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ও গণভোট বাস্তবায়নে যৌথবাহিনী বদ্ধপরিকর। ভোটের পরিবেশ সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিবেশ তৈরিতে যৌথবাহিনী সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে এবং সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘উদ্ধার করা বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল ধ্বংস করে। এ ছাড়া পিস্তল ও ককটেলসহ অন্যান্য উদ্ধার করা সামগ্রী পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের কাছে একটি রিভলবার, একটি চাপাতি ও রিকশার পাঁচটি চেইন হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে।’

Popular

More like this
Related

ফরিদপুরে শেখ মনিরুজ্জামান অভি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

ফরিদপুরে দুই দিনব্যাপী শেখ মনিরুজ্জামান অভি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা...

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দায়িত্বশীল বিরোধী দল হিসেবে...

বাংলাদেশ এখন সংকট থেকে উত্তরণের গল্প নয়, অমিত সম্ভাবনার দেশ: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ এখন আর...

নির্বাচিত অর্ধেক এমপির দায়-ঋণ ১১৩৫৬ কোটি টাকা: টিআইবি

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত অর্ধেক সংসদ সদস্যের মোট দায়...