ঋণখেলাপি, বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ

Date:

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের নির্বাচনে জাতীয়তাবাদের নামে ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে।

তিনি বলেন, ‘আমরা দেখেছি তারা বিভিন্ন স্থানে দুর্নীতির কথা বলে। তারা জাতীয়তাবাদের রাজনীতি করে। কিন্তু জাতীয়তাবাদের রাজনীতি করা একটি দলের প্রার্থীদের একটি বড় অংশই বিদেশি নাগরিক। তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায়।’

আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগের সেবারহাটে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জাতীয়তাবাদী দল, দলের ইতিহাস—বাংলাদেশেরই ইতিহাস। বাস্তবে আর তার কোনো চিহ্নই নেই। আমরা দেখেছি তারা কীভাবে জনগণের টাকা লুট করা ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। ঋণখেলাপিরা আবারও বাংলাদেশের ক্ষমতায় এসে আবারও আপনার-আমার টাকা, জনগণের টাকা লুট করার জন্য অপেক্ষা করছে।’

বিএনপিকে ইঙ্গিত করে আসিফ বলেন, ‘তারা পাঁচ বছর ক্ষমতায় থেকে একটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। সুতরাং এখন যতই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড—যত কার্ডের কথাই বলুক না কেন, বাংলাদেশের মানুষ জানে, মানুষের অভিজ্ঞতা আছে। আপনারা কোনো কথাই রাখবেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি দলকে বারবার সংস্কারের কথা বলতে শুনি। তারাই নাকি প্রথম সংস্কারের কথা বলেছিল। তারা সমাবেশ করে ভোট চাইছে। কিন্তু একবারও তাদের দলীয় প্রধানকে সংস্কার বা গণভোটের কথা মুখেও আনতে দেখিনি। তারা অন্যান্য দলকে বলে মুখে এক, মনে আরেক। অথচ তাদেরকেও আমরা দেখছি—তারা মুখে এক, মনে আরেক। একদিকে তাদের কেউ কেউ সংস্কারের কথা বলে, আবার মাঠপর্যায়ে “না” ভোটের পক্ষে ক্যাম্পেইন করে। তাদের মুনাফিকি ইতিমধ্যে বাংলাদেশের জনগণ চিহ্নিত করে ফেলেছে।’

সমাবেশে নোয়াখালী-২ আসনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এনসিপি নেতা সুলতান জাকারিয়া উপস্থিত ছিলেন।

Popular

More like this
Related

আন্দোলনের চতুর্থ দিন, ২৪ ঘণ্টার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার...

র‍্যাবের নাম বদলে হচ্ছে এসআইএফ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন করে 'স্পেশাল ইন্টারভেনশন...

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট (সাবেক...

বরিশালে যাচ্ছেন তারেক রহমান, বেলস পার্কে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার বরিশালে নির্বাচনী জনসভায়...