কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ নিয়ে প্রশ্নের মুখে ডাকসু

Date:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত একটি কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ ওঠায় সংগঠনটি তীব্র সমালোচনার মুখে পড়েছে।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত ‘কুয়াশার গান’ শিরোনামের কনসার্টে অনুষ্ঠানস্থলে একটি স্টল বসিয়ে বিনামূল্যে সিগারেট বিতরণ করার অভিযোগ পাওয়া যায়।

কনসার্টটি ‘স্পিরিট অব জুলাই’ নামে একটি প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে আয়োজন করে ডাকসু।

শিক্ষার্থীদের অভিযোগ, এমন কর্মকাণ্ড তামাক নিয়ন্ত্রণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রচারণা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিষয়টি নিয়ে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন কার্যক্রম অনুমোদনের বিষয়ে ডাকসুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী, আইনের ৫(খ) ধারায় তামাকজাত দ্রব্যের বিনামূল্যে বিতরণ বা কম দামে বিক্রি করে ভোক্তা আকৃষ্ট করা নিষিদ্ধ।

একই আইনের ৫(গ) ধারায় কোনো অনুষ্ঠান স্পনসর করা, অনুদান দেওয়া বা অন্য কোনো উপায়ে তামাকজাত দ্রব্যের প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

এসব ধারার লঙ্ঘনে অনূর্ধ্ব তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এ ছাড়া, আইনের ৬(খ) ধারা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের একশ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করলে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।

এই ঘটনায় শিক্ষার্থীরা মূলত ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

সমালোচনার মুখে মোসাদ্দিক আলী ফেসবুকে দেওয়া এক পোস্টে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, কনসার্ট আয়োজনের সঙ্গে যুক্ত একমাত্র ডাকসু প্রতিনিধি তিনি হলেও স্পনসর সংক্রান্ত আলোচনা, চুক্তি বা শর্ত নির্ধারণে তার কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না।

স্পনসর প্রতিষ্ঠান ‘এক্স ফোর্স’-এর বিষয়ে তিনি লেখেন, তারা তাকে জানিয়েছিল যে অনুষ্ঠানস্থলে একটি ‘স্মোকিং জোন’ স্থাপন করা হবে, যাতে অন্য দর্শকরা বিরক্ত না হন।

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আমি এটা শুনে অনেক বেশি ইতিবাচক হই। আমি কনসার্টের পুরোটা সময় ধরে গেস্ট ও স্টেজ ম্যানেজমেন্ট নিয়ে ব্যস্ত থাকায় মাঠে কী হচ্ছিল, সে ব্যাপারে অবগত ছিলাম না। কনসার্টের শেষদিকে আমি ফেসবুকে দেখতে পাই যে এ ধরনের ঘটনা ঘটেছে, তখন আর কিছু করার সুযোগ ছিল না। আমি অবগত ছিলাম না যে তারা স্মোকিং জোনের ভিতর ফ্রিতে সিগারেট দেবে শিক্ষার্থীদের।’

তবে তার ব্যাখ্যার পরও শিক্ষার্থীদের সমালোচনা থামেনি।

ফেসবুক পোস্টে ঢাবি শিক্ষার্থী মেঘমল্লার বসু লেখেন, যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিগারেট বিক্রি করে তাদের থেকে প্রক্টরিয়াল টিম অন্যায্য চাঁদা উত্তোলন করেই ক্ষান্ত হয়নি, অনেক ক্ষেত্রে ডাকসুর নেতাহাতা ও সহকারী প্রক্টররা তাদের মাল-সামান পর্যন্ত কেড়ে নিয়েছেন, নষ্ট করেছেন।

তিনি আরও লেখেন, কাল যদি সকল স্মল ভেন্ডরকে তাড়ানো সম্ভব হয়, তখন ‘সমাধান’ হিসেবে আবুল খায়ের বা স্বয়ং ব্রিটিশ আমেরিকান টোবাকোর উদ্যোগে ছোট ছোট স্মোকিং জোন বানিয়ে তাদের প্রোডাক্ট পুশ করার একটা ব্যবস্থা করে দিলেও অবাক হব না। শ্রেণী সচেতনতাহীন লিবারেলদের একটা অংশ সেটাকে সাধুবাদও জানাতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার ভোক্তাকে বড় পুঁজির হাতে তুলে দেওয়াটা জামায়াতিদের আসল এজেন্ডা।

অন্যদিকে, সূর্য সেন হলের শিক্ষার্থী আবিদুর রহমান এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, একই ‘মব গ্রুপ’ দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মানুষের হাতে নেশাদ্রব্য তুলে দিচ্ছে এবং পরে তাদের চরিত্র হননে লিপ্ত হচ্ছে।

কনসার্ট চলাকালে মোসাদ্দিক আলী গণভোটের পক্ষে স্লোগান দেন। তবে তার স্লোগানের জবাবে দর্শকদের কাছ থেকে বিদ্রূপাত্মক প্রতিক্রিয়া দেখা যায়।

তিনি যখন বলেন, ‘কোটা না মেধা’, তখন দর্শকরা জবাব দেন ‘কোটা, কোটা’। ‘গোলামি না সংস্কার’—এর জবাবে শোনা যায় ‘গোলামি, গোলামি’। ‘আপস না সংগ্রাম’, উত্তর আসে ‘আপস, আপস’।

আর ‘তুমি কে, আমি কে?’—এই স্লোগানের বিপরীতে দর্শকদের কণ্ঠে শোনা যায় ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’।

Popular

More like this
Related

শুধু ভোট দিলে হবে না, সঠিক গণনা আপনাদেরই নিশ্চিত করতে হবে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করতে...

যারা ৫৪ বছর দেশ চালিয়েছে, তাদের হাতে নতুন কিছু নেই: রেজাউল করীম

স্বাধীনতার পরে যাদের হাত ধরে দেশ পরিচালিত হয়েছে, ৫৩-৫৪...

‘যে দল দেশই বিশ্বাস করে না তাদের ভোট দিয়ে দেশের সর্বনাশ করবো নাকি’

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম...

মোবাইল ব্যাংকিংয়ে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন হলে তদন্ত করতে হবে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে গণভোট বাংলাদেশের ইতিহাসে...