সংখ্যায় রশিদের ৭০০ উইকেটের মাইলফলক

Date:

টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়লেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বিশ্বের প্রথম বোলার হিসেবে এই সংস্করণের ক্রিকেটে (ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে) ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

সোমবার দিল্লিতে ‘ডি’ গ্রুপের লড়াইয়ে ৫ উইকেটে জিতেছে আফগানরা। ৪ বল হাতে রেখে ১৬১ রানের লক্ষ্য পেরিয়ে এবারের আসরের সুপার এইটে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে তারা। টি-টোয়েন্টিতে ৬৯৯ উইকেট নিয়ে খেলতে নামা দলটির অধিনায়ক রশিদ ২৪ রান খরচায় শিকার করেন কাঙ্ক্ষিত ১ উইকেট। তার বলে রিভার্স সুইপের চেষ্টায় হিট উইকেট হন মুহাম্মদ আরফান।

ইতিহাসের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বোলার রশিদের ৭০০ উইকেটের বিশ্লেষণ নিচে সংখ্যার মাধ্যমে তুলে ধরা হলো:

৭০০- আরব আমিরাতের আরফানকে আউট করে রশিদ এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে আগে কেউ যেতে পারেননি। গত বছরের ফেব্রুয়ারিতে ডোয়াইন ব্রাভোকে (৬৩১ উইকেট) ছাড়িয়ে যাওয়ার পর থেকেই তিনি স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন।

৪৩২- এই সংস্করণে রশিদ এখন পর্যন্ত রেকর্ড ৪৩২ জন ভিন্ন ব্যাটারকে আউট করেছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো (৩৯১ জন) ও তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৩৮৮ জন) আছেন। জিম্বাবুয়ের রায়ান বার্ল ও ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারকে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার আউট করেছেন রশিদ। তারা দুজনেই আটবার করে রশিদের শিকার হয়েছেন।

২২- টি-টোয়েন্টিতে মোট ২২ বার এক ইনিংসে চার বা এর বেশি উইকেট নিয়েছেন রশিদ। এটি অন্য যে কোনো বোলারের চেয়ে অন্তত চারটি বেশি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও ১১ বার এই কৃতিত্ব দেখিয়ে তিনি শীর্ষে আছেন, যা দ্বিতীয় স্থানে থাকা বোলারের চেয়ে তিনটি বেশি।

৪- টি-টোয়েন্টিতে সর্বোচ্চ চারটি হ্যাটট্রিক করার রেকর্ড রশিদের দখলে। তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সিপিএল, বিবিএল ও আইপিএলে এবং আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একটি করে হ্যাটট্রিক করেছেন।

৪৪২- বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে রশিদ ৪৪২ উইকেট নিয়েছেন। এই তালিকায় তিনি ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (৫০০ উইকেট) ও ব্রাভোর (৪৯৩ উইকেট) পরে তৃতীয় স্থানে রয়েছেন।

৩- রশিদ তিনটি আলাদা দেশে একশর বেশি উইকেট নিয়েছেন— ভারতে ১৮১, আরব আমিরাতে ১৩১ ও অস্ট্রেলিয়ায় ১০২ উইকেট। তাহির ছাড়া আর কোনো বোলারের তিনটি ভিন্ন দেশে ১০০ বা এর বেশি উইকেট নেওয়ার রেকর্ড নেই।

৯- ২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি পঞ্জিকা বর্ষে রশিদ ৫০ বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছেন। অন্য কোনো বোলার পাঁচবারের বেশি এমন কৃতিত্ব দেখাতে পারেননি।

৩৭৯- রশিদের নেওয়া ৭০০ উইকেটের মধ্যে ৩৭৯ উইকেটে এসেছে বোল্ড বা এলবিডব্লিউয়ের মাধ্যমে, যা তার মোট উইকেটের অর্ধেকেরও বেশি (৫৪.১৪ শতাংশ)। এর পরেই আছেন নারাইন (২৩৮ উইকেট)। তবে শতাংশের হিসাবে তা মাত্র ৩৮.৮৩ শতাংশ।

১৪৫- অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ১৪৫ উইকেট নিয়েছেন রশিদ, যা বাংলাদেশের সাকিব আল হাসানের (১৯০) পর দ্বিতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তার নামের পাশে রয়েছে ৭৮ উইকেট, যা জার্সির চার্লস পারচার্ডের (৮৩) ঠিক পরেই। অধিনায়ক হিসেবে সব ধরনের টি-টোয়েন্টিতে আটবার ৪ উইকেট এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচবার ৪ উইকেট শিকারের রেকর্ডও তার।

৪- রশিদ মোট চারটি ভিন্ন দলের হয়ে পঞ্চাশের বেশি উইকেট নিয়েছেন— আফগানিস্তানের হয়ে ১৯৫, অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ৯৮, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯৩ ও গুজরাট টাইটান্সের হয়ে ৬৫ উইকেট।

Popular

More like this
Related

ফতুল্লায় তরুণকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২৫ বছর বয়সী এক তরুণকে পিটিয়ে ও...

ফার্মগেটে ত্রুটিপূর্ণ নকশার কারণে বিয়ারিং প্যাড খুলে যায়: তদন্ত প্রতিবেদন

ফার্মগেটে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড ও নকশায় ত্রুটি খুঁজে...

এনইআইআর কার্যক্রম উদ্বোধনের সময় বিটিআরসি ভবনে ভাঙচুর

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম উদ্বোধনের সময় রাজধানীর...

সুন্দরবনে নদী থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

সুন্দরবনের খোলপেটুয়া নদী থেকে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার...