দেশে দেশে যেভাবে দেখা হয় রমজানের চাঁদ

Date:

নতুন চাঁদ দেখার মধ্য দিয়েই শুরু হয় পবিত্র রমজান মাস। তাই প্রতি বছর রমজান ঘনিয়ে এলে বিশ্বের মুসলমানদের দৃষ্টি থাকে পশ্চিম আকাশে—কবে সরু অর্ধচন্দ্রের দেখা মিলবে।

সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ দেখার এই প্রক্রিয়া দেশভেদে কিছুটা ভিন্ন হলেও মূল ভিত্তি একটাই—শাবান মাসের শেষে নতুন চাঁদের সাক্ষ্য।

২০২৬ সালে রমজান শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি।

তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের বরাতে আল জাজিরা বলছে, অধিকাংশ দেশে প্রথম রোজা হওয়ার সম্ভাবনা ১৯ ফেব্রুয়ারি।

ইসলামি চন্দ্র পঞ্জিকা অনুযায়ী মাস গণনা হয় চাঁদ দেখার মাধ্যমে।

শাবান মাসের ২৯তম দিনের সূর্যাস্তের পর যদি অর্ধচন্দ্র দেখা যায়, তাহলে পরদিন থেকেই রমজান শুরু হয়। আর চাঁদ দেখা না গেলে শাবান ৩০ দিন পূর্ণ করে তার পরদিন থেকে রোজা শুরু হয়।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে চাঁদ দেখার জন্য বিশেষ কমিটি থাকে। যারা চাঁদ দেখেন, তাদের সাক্ষ্য আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়। পরে দেশটির সুপ্রিম কোর্ট বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ সেই সাক্ষ্যের ভিত্তিতে রমজান শুরুর চূড়ান্ত ঘোষণা দেয়।

চাঁদ দেখা সম্ভব হবে কি না, তা নির্ধারণে জ্যোতির্বিজ্ঞানীরা কয়েকটি বিষয় বিবেচনা করেন।

এর মধ্যে রয়েছে সূর্য ও চাঁদের কৌণিক দূরত্ব বা এলংগেশন, সূর্যাস্তের সময় দিগন্ত থেকে চাঁদের উচ্চতা এবং সূর্যাস্ত ও চাঁদাস্তের মধ্যবর্তী সময়—যাকে ল্যাগ টাইম বলা হয়।

সাধারণত খালি চোখে নির্ভরযোগ্যভাবে চাঁদ দেখতে হলে সূর্য থেকে অন্তত ১০–১২ ডিগ্রি দূরত্ব, প্রায় ১০ ডিগ্রি উচ্চতা এবং অন্তত ৪৫ মিনিট ল্যাগ টাইম প্রয়োজন হয়।

যুক্তরাজ্যের নটিক্যাল অ্যালমানাক অফিস পরিচালিত ‘ক্রিসেন্ট মুন ওয়াচের’ তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি মক্কা সময় বিকেল ৩টা ১ মিনিটে নতুন চাঁদ দেখা যাবে।

সেদিন মক্কায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং চাঁদ অস্ত যাবে ৬টা ২২ মিনিটে। অর্থাৎ সূর্যাস্তের পর চাঁদ দৃশ্যমান থাকবে মাত্র তিন মিনিট।

তখন চাঁদের বয়স হবে প্রায় তিন ঘণ্টা ১৮ মিনিট—যা খালি চোখে দেখার জন্য অত্যন্ত কম।

ফলে ওই সন্ধ্যায় বিশ্বের কোথাও অর্ধচন্দ্র দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আল জাজিরা।

তবে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পরিস্থিতি বদলাবে। তখন চাঁদের বয়স হবে প্রায় ২৬ ঘণ্টা, আকাশে উচ্চতাও বেশি থাকবে এবং সূর্যাস্তের পর দীর্ঘ সময় দৃশ্যমান থাকবে।

এ কারণে বিশ্বের বেশিরভাগ স্থানে সেদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চাঁদ দেখার পদ্ধতি ও সিদ্ধান্তে অঞ্চলভেদে পার্থক্য দেখা যায়।

উত্তর আমেরিকায় ফিকহ কাউন্সিল অব নর্থ আমেরিকা (এফসিএনএ) ও ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা (আইএসএনএ) জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুসরণ করে ইতোমধ্যে ১৮ ফেব্রুয়ারিকে রমজানের প্রথম দিন ঘোষণা করেছে।

অন্যদিকে ইউরোপিয়ান কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখা সম্ভব না হওয়ায় ১৯ ফেব্রুয়ারিই হবে রমজানের প্রথম দিন। একই সিদ্ধান্ত নিয়েছে তুরস্কও।

মধ্যপ্রাচ্যের দেশগুলো সাধারণত সরাসরি চাঁদ দেখার সাক্ষ্যের ওপর নির্ভর করে। সৌদি সুপ্রিম কোর্ট যদি ১৭ ফেব্রুয়ারি চাঁদ দেখার সাক্ষ্য পায়, তবে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরুর ঘোষণা আসতে পারে। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সে সম্ভাবনা খুবই কম।

এশিয়ার বেশিরভাগ দেশ—বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ১৭ ফেব্রুয়ারি রাতে চাঁদ সূর্যের আগেই অস্ত যাবে।

তাই বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এই অঞ্চলে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর সম্ভাবনাই বেশি। সিঙ্গাপুর ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

আফ্রিকার অধিকাংশ দেশও একই সম্ভাবনার কথা জানিয়েছে। ওশেনিয়া অঞ্চলে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলও ১৯ ফেব্রুয়ারিকে রমজানের প্রথম দিন নির্ধারণ করেছে।

রোজা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। ঈমানের ঘোষণা, পাঁচ ওয়াক্ত নামাজ, দান-সদকা এবং সামর্থ্য অনুযায়ী হজের পাশাপাশি রমজানের রোজা মুসলমানদের জন্য ফরজ ইবাদত। এই মাসে বহু মুসলিম দেশে কর্মঘণ্টা কমানো হয় এবং দিনের বেলায় রেস্তোরাঁ বন্ধ থাকে।

দেশভেদে ‘রমজান মোবারক’ বা ‘রমজান কারিম’ শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে সমাজজীবন।

Popular

More like this
Related

‘নেতৃত্ব সৎ-গণতান্ত্রিক হলে, দেশের প্রতি ভালোবাসা থাকলে কত বড় পরিবর্তন হয় দেখলাম’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন: প্রধান উপদেষ্টা

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সকল...

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোকলেছ মোল্যা (৪৩) নামে এক ব্যক্তিকে...

শরীয়তপুরে ‘গ্রাম্য চিকিৎসককে’ ছুরিকাঘাত, পুড়িয়ে হত্যার চেষ্টা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় খোকন চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তিকে...