বিশ্বকাপ স্বপ্নে বড় ধাক্কা: মাঠের বাইরে ইংল্যান্ড তারকা গ্রিলিশ

Date:

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক মাস আগে বড় এক দুঃসংবাদ পেলেন জ্যাক গ্রিলিশ। পায়ের হাড় ভেঙে যাওয়ায় চলতি মৌসুমের বাকি সময়টা আর মাঠে নামা হচ্ছে না এই এভারটন উইঙ্গারের। এর ফলে আসন্ন বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে এখন ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ম্যানচেস্টার সিটি থেকে ধারে এভারটনে যোগ দেওয়া গ্রিলিশ গত ১৮ জানুয়ারি অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে চোট পান। সেই ম্যাচে এভারটন ১-০ গোলে জিতলেও দলের সেরা তারকাকে হারানোটা বড় ক্ষত হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষার পর জানা গেছে, তার পায়ে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ ধরা পড়েছে এবং ধারণা করা হচ্ছে তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে।

এভারটন বস ডেভিড ময়েস শুক্রবার বিষণ্ণ মনে সংবাদমাধ্যমকে বলেন, ‘সম্ভবত তার সার্জারি লাগবে, যদিও বিষয়টি এখনো শতভাগ নিশ্চিত নয়। তবে এটা নিশ্চিত যে, এই মৌসুমে তাকে আমরা আর পাচ্ছি না।’

ময়েস আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবে তার জন্য এবং ক্লাবের সবার জন্যই এটি ভীষণ মন খারাপের খবর। তিনি আমাদের দলের প্রাণশক্তি ছিলেন, তার অভিজ্ঞতা আমাদের অনেক শক্তি জোগাত। গ্রিলিশ আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা তাকে ভীষণভাবে মিস করব।’

২০২৪ সালের অক্টোবরে ফিনল্যান্ডের বিপক্ষে শেষবার ইংল্যান্ডের জার্সিতে দেখা গিয়েছিল গ্রিলিশকে। তবে এভারটনের হয়ে সাম্প্রতিক সময়ে তিনি যেভাবে বিধ্বংসী ফর্মে ফিরছিলেন, তাতে আগামী বিশ্বকাপে ইংল্যান্ড দলে তার জায়গা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছিল। এমনকি গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তার পারফরম্যান্স দেখে খোদ ইংল্যান্ড কোচ টমাস তুখেল তার সঙ্গে দেখা করে কথা বলেছিলেন।

কিন্তু ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞের আগে গ্রিলিশের ফিট হওয়া এখন একরকম অসম্ভব বলে মনে করা হচ্ছে।

এভারটনের হয়ে এ মৌসুমে দারুণ খেলছিলেন এই ৩০ বছর বয়সী উইঙ্গার। ২০টি প্রিমিয়ার লিগ ম্যাচে অংশ নিয়ে ২ গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্টও ছিল তার নামের পাশে। ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার অধীনে ব্রাত্য হয়ে যাওয়ার পর এভারটনেই নিজের পুরনো ছন্দ ফিরে পাচ্ছিলেন তিনি।

এই চোটের কারণে এভারটন তাকে পাকাপাকিভাবে দলে নেবে কি না—এমন প্রশ্নের জবাবে ময়েস জানান, সাবেক অ্যাস্টন ভিলা তারকাকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলার সময় এখনো আসেনি।

Popular

More like this
Related

নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর করতে ‘বদ্ধপরিকর’ প্রশাসন ও পুলিশ

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন...

‘গণঅভ্যুত্থানের শিক্ষা নিতে না পারলে আবার ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 'স্টার নির্বাচনী সংলাপ'...

গত কয়েকদিনের ঘটনায় মানুষ ভাবছে, নির্বাচন কি আদৌ হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত কয়েকদিনের...

জনগণ রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায়: নাহিদ

আগামী দিনের বাংলাদেশে জনগণ রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা ও বাস্তবায়ন...