সাইমের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে অনায়াসে হারালো পাকিস্তান

Date:

ওপেন করতে নেমে ঝড়ো শুরু করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন সাইম আইয়ুব। পরে অফ স্পিনে নেন দুই উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপ প্রস্তুতির সিরিজ জয় দিয়ে শুরু করল পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ পাকিস্তান জিতেছে ২২ রানে। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬৮ রান করে তারা। ২২ বলে সর্বোচ্চ ৪০ রান করেন সাইম। পরে বল হাতেও রাখেন বড় ভূমিকা, ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। বিপরীতে অস্ট্রেলিয়া করতে পারে ১৪৬ রান।

১৬৯ রানের লক্ষ্যে নামা অজিদের দ্বিতীয় ওভারেই হানা দেন সাইম। ৪ বলে ৫ রান করা ম্যাথু শর্টকে বোল্ড করে দেন তিনি। ট্রেভিস হেড আরেক পাশে ফুঁসছিলেন। উড়ন্ত শুরুর আভাস দেওয়ার পরই নিভে যান তিনি। ১৩ বলে ২৩ রান করা হেডেরও হন্তারক সাইম।

ক্যামেরন গ্রিন তিনে নেমে থিতু হলেও মন্থর উইকেটে খেই হারিয়ে ফেলেন। তাঁর ৩১ বলে ৩৬ রানের ইনিংসটি চাহিদা মেটানোর জন্য যথেষ্ট ছিল না। আবরার আহমেদ, শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজদের স্পিন আক্রমণ সামাল দিতে ব্যর্থ হয়ে অজিরা ১১২ রানে ৮ উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। জ্যাভিয়ের বার্টলেট পরে ২৫ বলে ৩৪ রান করে কেবল হারের ব্যবধানই কমিয়েছেন।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই শাহিবজাদা ফারহানকে হারিয়েছিল পাকিস্তান। তবে এই ধাক্কা টের পেতে দেননি সাইম। অধিনায়ক সালমান আলি আঘাকে নিয়ে গড়েন দারুণ জুটি। ৩টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৪০ রান করা সাইমের বিদায়ে ভাঙে ৭৪ রানের জুটি। এরপর বাবর আজমকে নিয়ে এগুতে থাকেন সালমান। অ্যাডাম জাম্পার স্পিনে কাবু হন দুজনেই। বাবর থামেন ২০ বলে ২৪ করে, সালমান করেন ২৭ বলে ৩৯ রান। পরের দিকে উসমান খান ও মোহাম্মদ নাওয়াজরা ছোট ছোট অবদান রেখে দলের পুঁজি দেড়শ পার করান।

বিশ্বকাপে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। কলম্বোর উইকেটের ধরণ কিছুটা মন্থর হয়ে থাকে। সেই চিন্তা থেকেই লাহোরে স্পিন বান্ধব উইকেট বানিয়েছিল পাকিস্তান।

Popular

More like this
Related

বিশ্বকাপে বিধ্বস্ত হয়েই চলেছে ওমান

প্রতিপক্ষ যে-ই হোক, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের পরিণতি একটাই—বিধ্বস্ত...

হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অবিলম্বে দ্রুত...

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা

খেলার বাইরের ইস্যুতে অনিশ্চতায় ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের আলোচিত...

এই অপশক্তিকে রুখে দিতে সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ের ওপর হামলাকে...