লঙ্কা প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

Date:

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের দায়ে ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে চার বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার একটি আদালত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার কলম্বোর হাইকোর্ট এই রায় ঘোষণা করেন। তামিম একজন বাংলাদেশি-বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

নাম প্রকাশ না করার শর্তে আদালতের একজন কর্মকর্তা এএফপিকে জানান, একজন খেলোয়াড়কে প্ররোচিত করার চেষ্টা ও জুয়া পরিচালনার যে অভিযোগ তামিমের বিরুদ্ধে আনা হয়েছিল, তিনি তা স্বীকার করে নিয়েছেন।

এরপর আদালত তাকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড দেন, যা আগামী পাঁচ বছরের জন্য স্থগিত থাকবে। অর্থাৎ এই সময়ের মধ্যে পুনরায় কোনো অপরাধ না করলে তাকে সরাসরি জেল খাটতে হবে না।

কারাদণ্ডের পাশাপাশি তামিমকে ২ কোটি ৪০ লক্ষ শ্রীলঙ্কান রুপি (প্রায় ৮০ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। ২০১৯ সালে শ্রীলঙ্কায় ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি রোধে পাস হওয়া কঠোর আইনের অধীনে এই রায়কে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

২০২৪ সালে লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন একজন খেলোয়াড় কর্তৃপক্ষকে সতর্ক করলে তামিমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি কলম্বো থেকে দুবাইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

গ্রেপ্তারের পর তামিম কয়েক সপ্তাহ জেলহাজতে ছিলেন এবং পরে জামিন পান। ছয় বছর আগে এলপিএল শুরু হওয়ার পর এই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি মালিক ফিক্সিংয়ের দায়ে দণ্ডিত হলেন।

ওই কর্মকর্তা আরও জানান, এই মামলায় অভিযুক্ত ডাম্বুলা দলের ম্যানেজার ও পাকিস্তানি নাগরিক মুজিব উর রেহমানের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Popular

More like this
Related

বিশ্বকাপে বিধ্বস্ত হয়েই চলেছে ওমান

প্রতিপক্ষ যে-ই হোক, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের পরিণতি একটাই—বিধ্বস্ত...

হাদি হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করার দাবি ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে অবিলম্বে দ্রুত...

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে বৃষ্টির শঙ্কা

খেলার বাইরের ইস্যুতে অনিশ্চতায় ছিলো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের আলোচিত...

এই অপশক্তিকে রুখে দিতে সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল

দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়ের ওপর হামলাকে...