সেমিফাইনালে আলকারাজ, সামনে জ়ভেরেভ

Date:

গ্যালারিভর্তি দর্শকের চাপ, মেলবোর্নের গরম রাত, সবকিছুকে নিস্তব্ধ করে দিয়ে ইতিহাসের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন কার্লোস আলকারাজ। মঙ্গলবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বিশ্বের এক নম্বর তারকা, যেখানে তার সামনে অপেক্ষা করছে শক্ত প্রতিদ্বন্দ্বী আলেক্সান্ডার জ়ভেরেভ।

রড লেভার অ্যারেনায় ঘরের ছেলে অ্যালেক্স ডি মিনাউরকে ৭-৫, ৬-২, ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ চারে ওঠেন ২২ বছর বয়সী আলকারাজ। স্বাগতিক সমর্থকদের গর্জনও থামাতে পারেনি তার আগ্রাসী ও পরিণত টেনিস।

এবারের আসরে এখনো পর্যন্ত একটি সেটও হারাননি আলকারাজ। ক্রমেই যেন ছুটে চলেছেন নিজের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার দিকে। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বলেন, “প্রতিটা ম্যাচেই যেভাবে খেলছি, তাতে আমি সত্যিই খুশি। প্রতিটি রাউন্ডে আমার মান আরও বাড়ছে। আজ আমি দারুণ স্বচ্ছন্দ ছিলাম, এমন টেনিস খেলেছি যা নিয়ে আমি গর্বিত।”

এর আগে চারবার মেলবোর্নে খেলেও কোয়ার্টার-ফাইনালের বেশি যেতে পারেননি আলকারাজ। অথচ অস্ট্রেলিয়ান ওপেনই একমাত্র গ্র্যান্ড স্লাম, যেটি এখনো তার ট্রফি ক্যাবিনেটে নেই।
রোববারের ফাইনাল জিততে পারলে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখবেন তিনি। সেমিফাইনালে জ়ভেরেভকে হারিয়ে ফাইনালে জয় পেলে চারটি গ্র্যান্ড স্লাম জেতা সর্বকনিষ্ঠ পুরুষ টেনিস খেলোয়াড় হবেন আলকারাজ, ভেঙে যাবে স্বদেশি কিংবদন্তি রাফায়েল নাদালের রেকর্ড। নাদাল এই কীর্তি গড়েছিলেন ২৪ বছর বয়সে।

ম্যাচের শুরুতেই ঝড় তুলেছিলেন শীর্ষবাছাই আলকারাজ। প্রথম সেটে ৩-০ লিড নেওয়ার পর ডি মিনাউর সমতায় ফিরলেও শেষ পর্যন্ত তীব্রতা বাড়িয়ে ৫-৫ থেকে টানা দুই গেম জিতে সেট নিজের করে নেন স্প্যানিয়ার্ড। সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপে ভুগতে হয় অস্ট্রেলিয়ান তারকাকে।

এরপর আর কোনো ভুল করেননি আলকারাজ। ৪৪ মিনিটে দ্বিতীয় সেট জিতে নিয়ে তৃতীয় সেটে আরও এক ধাপ গতি বাড়ান তিনি। মাত্র ২০ মিনিটের মধ্যেই ৩-০ লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নেন এবং পঞ্চম এসের মাধ্যমে নির্মম জয় নিশ্চিত করেন।

অন্যদিকে, দিনের শুরুতে জার্মান তৃতীয় বাছাই আলেক্সান্ডার জ়ভেরেভ ২৪টি এস হাঁকিয়ে যুক্তরাষ্ট্রের লার্নার টিয়েনকে ৬-৩, ৬-৭ (৫/৭), ৬-১, ৭-৬ (৭/৩) ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন।

জ়ভেরেভকে নিয়ে সতর্ক আলকারাজ বললেন, “পুরো টুর্নামেন্টজুড়েই ওকে দেখছি। খুব আক্রমণাত্মক টেনিস খেলছে। আমাকে শুধু নয়, আমার পুরো দলকেই প্রস্তুত থাকতে হবে। কৌশলগতভাবে নিখুঁত খেলতে হবে, দারুণ একটা লড়াই হবে।”

এদিকে বুধবার কোয়ার্টার-ফাইনালে ১০বারের মেলবোর্ন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন ইতালির পঞ্চম বাছাই লরেঞ্জো মুসেত্তি। ওই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে খেলবেন দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার কিংবা যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই বেন শেলটনের বিপক্ষে।

Popular

More like this
Related

সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি...

‘খেলাধুলায় এখনও প্রাণ ফেরেনি’

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর...

আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক...

এশিয়া কাপে স্বর্ণপদক বাংলাদেশের আলিফের

ফাইনালে জায়গা করে নিয়ে পদক প্রাপ্তি নিশ্চিত করেছিলেন আগেই।...